দেশের ৯টি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ১৩৫ জন শিক্ষক - কর্মচারি ২ বছর ধরে বেতন পাচ্ছে না
দেশের নয়টি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ১৩৫ জন শিক্ষক ও কর্মচারি দীর্ঘ দুই বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। তাদেরকে ২০০১ সালের ‘অত্যাধুনিক ট্রেড কোর্স চালুকরনের মাধ্যমে কেন্দ্রসমূহ শক্তিশালীকরন’ প্রকল্পের আওতায় নিয়োগ দেওয়া হয়।
সূত্র জানায়, কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো ২০০১ সালে দেশের নয়টি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে ইলেক্ট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স, ওয়েল্ডিং এ্যান্ড ফেব্রিকেশন, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং-এর ওপর প্রশিক্ষন দেওয়ার জন্য প্রকল্পটি হাতে নেয়।
এই প্রকল্পের অধীনে খুলনা, রাজশাহী, বগুড়া, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বরিশাল প্রশিক্ষন কেন্দ্রে ১০৮ জন শিক্ষক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২৭ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন।
কিন্তু গত দুই বছর ধরে এসব প্রশিক্ষন কেন্দ্রের কর্মকর্তারা বেতন-ভাতা পাচ্ছে না। ফলে ওই কর্মকর্তারা পরিবার-পরিজন নিয়ে অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
