বিচারকরা চাইলেই নিরপেক্ষভাবে দায়িত্বপালন করতে পারেন: আইন মন্ত্রী
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বৃহস্পতিবার বলেছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকগণ চাইলেই স্বাধীনভাবে তাদের বিচারকার্য চালাতে পারেন।
মন্ত্রী বলেন, বাইরের কোন শক্তির পক্ষে বিচারপতিদের কাজে হস্তক্ষেপ করা সম্ভব নয়। তিনি প্রশ্ন করেন, বিচারকগণ বাইরের শক্তির ইচ্ছায় বা তাদের কথামত কেন কাজ করবেন। কোন বিচারপতি অসাদাচরণ করলে আপিল বিভাগের সিনিয়র বিচারপতিদের সমন্বয়ে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিচারপতিগণ নিজেরাই এর বিচার করতে পারেন।
ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেন, বিচার বিভাগের উন্নয়নের জন্য এই মুহর্তে নিরপেক্ষ মানুষের খুব প্রয়োজন ।
আইনমন্ত্রী বলেন, প্রতিষ্ঠান ব্যক্তিকে নির্মাণ করে না, ব্যক্তি প্রতিষ্ঠানকে নির্মাণ করে। ব্যক্তিগত ভাবে আমি আইনজীবীদের ঐক্য চাই, যা বর্তমানে খুব জরুরি। শুধুমাত্র সরকারের জন্য নয়, সকল জনগণের স্বার্থেই, বিশেষ করে বিচারপতি এবং আইনজীবীরাই পারেন বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের সম্মান ও ভাবমূর্তি রক্ষা করতে ।
তিনি বলেন, দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের অবদান অনেক বিশাল।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম জানান, সরকার অবৈধভাবে হাইকোর্টে বিচারপতি পদে এমন কয়েকটি নিয়োগ দিয়েছে যাদের বিচারকার্য সম্পর্কে জ্ঞান, বুদ্ধি ও যোগ্যতা বলে কিছু নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে বিচারপতি নিয়োগ সুপ্রিম কোর্টের জন্য একটি বিরাট সংকট। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়ে ব্যারিস্টার ইসতিয়াক উদ্যোগী ছিলেন। তিনি সংবিধানের মূল্যবোধ সম্পর্কেও আপোসহীন ছিলেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, বিচার বিভাগ এখন ব্যাপক সংকটের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, আইনজীবদের পেশার স্বাধীনতা নিয়ে বর্তমানে প্রশ্ন উঠেছে। ব্যারিস্টার ইসতিয়াক আহমেদ বেঁচে থাকলে বর্তমান পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছত না।
ল’ রিপোর্টাস ফোরামের সভাপতি ফারুক কাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিত ও সাংবাদিক আতাউস সামাদ।
