২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডার্টি ডজেন’ উৎখাতে মন্ত্রী ও বিশেষজ্ঞদের অঙ্গীকার ব্যক্ত

বাংলাদেশে বিপজ্জনক রাসায়নিক পদার্থ ‘ডার্টি ডজেন’র ব্যাপক ব্যবহার রোধ করতে হবে। বিপজ্জ্নক এই রাসায়নিক পদার্থটি ক্যান্সার এবং স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ঘটাতে পারে। সরকারের কয়েকজন মন্ত্রী ও পরিবেশ বিশেজ্ঞরা এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আয়োজিত পার্সিসটেন্ট অর্গানিক পলিউট্যান্টস (পপস্) প্রত্যাহারে  বাংলাদেশ জাতীয় বাস্তবায়ন পরিকল্পনার খসড়া প্রতিবেদনের ওপর কর্মশালার শেষ দিনে ‘ডার্টি ডজেন’ উৎখাতে মন্ত্রী ও বিশেজ্ঞরা তাদের অঙ্গিকার ব্যক্ত করেছেন।

‘ডার্টি ডজেন’ নামে পরিচিত ১২টি ক্ষতিকর রাসয়নিক পদার্থ বর্তমানে সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানিরা প্রমাণ করেছেন এই রাসায়নিক পদার্থ খাদ্য, বাতাস ও পানির মাধ্যমে সংক্রমিত হয়। যার ফলে মানুষ ক্যান্সার আক্রান্ত হওয়া ছাড়াও তাদের শিক্ষা ক্ষেত্রে ভারসাম্যহীনতা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে। ডার্টি ডজেন প্রাণী জীবনের ক্ষেত্রেও ক্ষতিকর।

পরিবেশ ও বন মন্ত্রী তারিকুল ইসলাম বলেন, দুষণ ও বিষক্রিয়া মুক্ত পরিবেশ জীববৈচিত্রের মধ্য দিয়ে ক্রম বর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পার্সিসটেন্ট অর্গানিক পলিউট্যান্টস দূর করতে হবে। এ উদ্দেশ্যে জাতীয় বাস্তবায়ন পরিকল্পনার চূড়ান্ত খসড়ার ফলাফল দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

ইউএনডিপি আবাসিক প্রতিনিধি জর্গান লিজনার বলেন,  কৃষক এবং কারখানর শ্রমিক যারা প্রতিদিন এ সমস্ত বিপজ্জনক পদার্থ ব্যবহার করে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে হবে।

কর্মশালায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসাস মাহমুদ বলেন, নগরায়ন তথা শিল্পায়নের ফল হচ্ছে এই পপস। তিনি বলেন, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোতে বহুজাতিক কোম্পানিগুলোই এইধরনের রাসায়নিক পদার্থ উৎপন্ন করছে।

মন্ত্রী বলেন, এই কোম্পানিগুলোর উচিত তাদের উৎপাদিত রাসয়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা। আর এই কাজের সম্পুর্ণ ব্যয়ভার তাদেরই বহন করা উচিত বলে মনে করেন মন্ত্রী।

কয়েকটি ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যকে পপস নামে অভিহিত করা হয়। এ রাসায়নিকগুলো পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে এবং মানবদেহ ও পরিবেশের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। নয়টি কীটনাশক, শিল্প কারখানার একটি রাসায়নিক ও অনিচ্ছাকৃতভাবে তৈরি দু’টি রাসায়নিক ‘ডার্টি ডজেন’ নামেও পরিচিত।