২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় জমি নিয়ে বিরোধ। সংঘর্ষে নিহত ১ আহত ৪

চকরিয়ায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কদ্দাচোরা গ্রামে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বয়োবৃদ্ধ এক ব্যক্তি নিহত ও গৃহবধূসহ পাঁচজন আহত হয়েছে। অভিযোগ উঠেছে হত্যাকান্ডকে কেন্দ্র করে বেশ ক’জন নিরীহ ব্যক্তিকে মামলায় জড়ানোর চেষ্টা চলছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 12:36 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর হোছাইন ছয়াপদা থেকে বেশ কিছু জমি লিজ নিয়ে পূর্ব বড় ভেওলা কদ্দাচোরা গ্রামের বশির আহমেদকে চাষী নিয়োগ করে। বশির তার সন্তানদের নিয়ে গত মঙ্গলবার সকাল ১০টায় ওই জমিতে আমন চারা রোপণ করতে গেলে আবুল কালাম গং আত্মীয়-স্বজনদের নিয়ে বশির গংকে চাষাবাদে বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে আবুল কালাম ওরফে আবুইন্যা (৬০), বশিরের স্ত্রী গোল নাহার (৩৫), পুত্র সোহেল (১৭) সহ দু’পক্ষের পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে আবুইন্যাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল ৩টায় সে মারা যায়। এ রির্পোট লেখা পর্যন্ত তার লাশ চকরিয়ায় আনা হয়নি।

অপরদিকে বেশ ক’জন প্রত্যক্ষদর্শী জানান, আবৃুল কালাম নিহত হওয়ার ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িতদের পাশাপাশি বেশ ক’জন নিরীহ ব্যক্তিকেও হত্যা মামলায় জড়ানোর পায়তারা শুরু হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।