বরেন্দ্র ভূমিতে আম চাষে এক মজিবুরের অসামান্য সাফল্য
বরেন্দ্র অঞ্চল মানেই রুক্ষ লাল কঠিন মাটি। কোথাও সমতল, আবার কোথাও বা অতি বি¯তৃত সিঁড়ির মত তাক। এ অঞ্চলে তাল গাছ রয়েছে প্রচুর। তবে এর পাতার রং কালচে ধরনের। এমনই জমিতে আম চাষের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে এক অনন্য বৈপ্লবিক ধারার সূচনা করেছেন নঁওগার পোরশা সাপাহারের মুজিবুর রহমান। সম্পুর্ন ব্যাক্তিগত চেষ্টায় মাত্র চার বছরের মধ্যে রুক্ষ বরেন্দ্র ভূমিতে করেছেন শত শত আম বাগান।
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৭২ কিলোমিটার দূরে নওগাঁর পোরশা সাপাহারের নিভৃত জনপদ ঘাটনগর পর্যন্ত স্বল্পশিক্ষিত মজিবুর রহমানের এই সাফল্য। নিরস লাল মাটিতে তিনি গড়ে তোলেন পূর্বাশা নার্সারী। এরপর নবনাহার শ্মশান কমিটির কাছ থেকে পুকুর পাড়ের ৪ বিঘা জমি লিজ নিয়ে ৪৫০টি হাইব্রিড ও খাটো জাতের আমের বাগান গড়ে তোলেন। চার বছর ধরে ১৬/১৭টি আমের জাত নিয়ে নিজস্ব গবেষণা অব্যাহত রেখে মজিবুর রহমান হয়ে উঠেছেন আলোচিত মানুষদের একজন। আম্রপালি, মল্লিকা থেকে শুরু করে পাহুতান, পালমান, লখনা, তোতাপুরি, চোষা এবং দূর্লভ বারি-৪ দিয়ে সাজানো বাগান এক অপূর্ব দর্শনীয় দৃশ্যপট যেন। বিদেশী রঙিন জাতের আমগুলো নিয়ে এসেছে বাড়তি কৌলিন্য ও নান্দনিকতা।
অনুর্বর ভূমিতে অভাবিত সাফল্য দর্শনে শত শত উদ্যোক্তা আকৃষ্ট হয়ে এগিয়ে আসছে মুজিবরের মতো আম বাগান তৈরীর সংকল্প নিয়ে। ৪ বছরের মধ্যে কয়েক শ’ নতুন হাইব্রীড আম বাগান গড়ে উঠেছে এ অঞ্চলে। দু’বছর ধরে এসব আমবাগানে ফলদান শুরু হয়েছে। কল্পনা নয়, প্রমাণিত হয়েছে যে, বরেন্দ্রের রুক্ষ ভূমিতে উন্নত জাতের আম চাষের দিগন্ত জোড়া সম্ভাবনা আছে।
মজিবুরের এ সাফল্য গাঁথা শুধু নিজ এলাকায় সীমাবদ্ধ নেই। তা প্রসারিত হয়েছে সুদূর ময়মনসিংহ ও পঞ্চগড় পর্যন্ত। বিকল্পধারার নেতা মেজর (অব:) আব্দুল মান্নান ময়মনসিংহে তার ২০ বিঘা জমিতে এ জাতীয় বাগান তৈরীর কাজ সম্পন্ন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক ট্রেনিং কো-অর্ডিনেটর ড. মতিউর রহমান পঞ্চগড়ের বোদা উপজেলায় ৪ হাজার এ জাতীয় গাছ নিয়ে বাগান গড়ে তুলেছেন। স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত বাগানগুলোর মধ্যে পোরশার হামিদুল হক শাহের ৫৫০ গাছের বাগান, শাহপাড়ার মোজাফফর হোসেনের ৫ শ’, সুন্দরার নারায়ণ শাহের ২৬৪, আলম শাহ চেয়ারম্যানের ৯ শ’, হরিপুরের খাদেমুল ইসলামের ২৭০ গাছের বাগান অন্যতম।
চলতি বছর এসব বাগানের ফলন হয়েছে শতকরা ৯০ শতাংশ। দেশী জাতের আম এবার ভাল না হলেও হাইব্রীড জাতীয় আমের ফলন চমৎকার। মজিবুর রহমান বলেন, তার বাগানে উৎপাদিত বিদেশী রঙ্গিন জাতসমূহের যথাযথ সম্প্রসারন ঘটাতে পারলে বিদেশে রপ্তানী করা সম্ভব। তবে তিনি তার প্র্েরচষ্টায় সরকারি সহযোগিতার বিষয়ে হতাশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলো উৎসাহিত করলেও আর্থিক বিষয়ে কোনও সুযোগ সুবিধা প্রদান করেনি। এমনকি বিদেশী একটি সংস্থা অভিভূত হয়ে তাকে আর্থিক অনুদান দিতে চাইলেও সরকারি একটি দপ্তরের অসহযোগিতায় তা ভেস্তে যায়।
বরেন্দ্রভূমিতে আম চাষের সাফল্য নিয়ে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের (সাবেক আম গবেষণা কেন্দ্র) বিজ্ঞানী ড. আনোয়ার হাবিব জানান, তিনি এটিকে একটি বিপ্লব বলে মনে করছেন। সরকার ফল বাগান স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরেন্দ্র প্রকল্পে আম চাষকে আরও উৎসাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩ হাজার ১ শ’ ৪০ জনকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দিয়ে উন্নত চারাও বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক অসীম কুমার মালাকার মজিবুর রহমানের কৃতিত্বকে অসামান্য বলে উল্লেখ করে বলেন, খরা সহিষ্ণু এ অঞ্চলে ব্যক্তি উদ্যোগের এ সাফল্যকে সরকারিভাবে কাজে লাগানো উচিৎ।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী নাইন খান জানান, বরেন্দ্র প্রকল্পে ব্যাপক ভিত্তিক আম চাষের পরিকল্পনাটি কার্যত ফাইলবন্দি অবস্থায় পড়ে রয়েছে। বছরখানেক আগে নিবিড় বনায়ন কার্যক্রম নামে ৫৪ কোটি টাকার একটি প্রকল্প পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। অথচ এটি আজও একনেকে উপস্থাপন করা হয়নি। তিনি জানান, উল্লিখিত প্রকল্পকে সামনে রেখে ৫টি জোনাল নার্সারীতে প্রায় ২০ লাখ আমের চারা তৈরী করে রাখা হয়েছে। বরেন্দ্র এলাকায় আম বাগান সম্প্রসারণের ক্ষেত্রে উক্ত প্রকল্পটি যথার্থ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
