ত্রিদেশীয় পাইপলাইন: বাংলাদেশকে পাশ কাটিয়ে ভারত-মায়ানমার বৈঠক
ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন ইস্যুতে বাংলাদেশকে পাশ কাটিয়ে বুধবার মায়ানমারের সাথে সরসরি আলোচনা করেছে ভারত। পাইপলাইন বিষয়ে বাংলাদেশের দেয়া শর্ত বাস্তবায়নে অনেকটা অনাগ্রহ দেখিয়ে দ্রুত সিদ্ধান্তে দুটি দেশ দিল্লিতে এ বৈঠকে মিলিত হয়।
৯ শ’ কিলোমিটার আন্তঃসীমান্ত গ্যাস পাইপলাইন স্থাপনের লক্ষ্যে গত জানুয়ারিতে তিন দেশের যৌথ বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে অনুযায়ী বৈঠকে তিন দেশের উপস্থিত থাকার কথা থাকলেও নয়াদিল্লি ঢাকাকে মাত্র একদিন আগে এ বৈঠকের খবর জানায়। তড়িঘড়ি করে ঢাকার পক্ষে বৈঠকে উপস্থিত থাকা সম্ভব ছিলো না।
নব নিযুক্ত জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি মঙ্গলবার আমার সাথে সাক্ষাৎ করে বৈঠকে ঢাকা অংশগ্রহণ করছে কিনা জানতে চান। আমি তাকে জানিয়ে দেই এত দেরিতে বৈঠকের খবর পেয়ে আমাদের পক্ষে কাউকে পাঠানো সম্ভব নয়।
ত্রিদেশীয় পাইপলাইন ইস্যুতে বাংলাদেশের শর্ত হচ্ছে: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিপুল পরিমানের বাণিজ্য ঘাটতি কমিযে আনতে হবে এবং বাংলাদেশের সাথে ভুটান ও নেপালের সাথে সরাসরি বাণিজ্য সুযোগ সৃষ্টিতে একটি ট্রানজিট সুবিধা দিতে হবে, যাতে করে বাংলাদেশ হিমালয় পাদদেশীয় ওই দুটো দেশ থেকে সস্তায় বিদ্যুৎ আমদানি করতে পারে।
বিষয়টিতে ভারত সুনির্দিষ্ট প্রস্তাব চাইলে বাংলাদেশ তা প্রস্তুত করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।
বুধবার সকালে জ্বালানি বিষয়ক রিপোর্টার ফোরামে সাংবাদিকদের সাথে আলোচনাকালে জ্বালানি উপদেষ্টা জানান, ভারতের নতুন উদ্যোগের বিষয়টিতে কমিটি কাজ করছে। তবে বুধবারের বৈঠকের ফলাফল জানার পর পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
মাহমুদুর রহমান বলেন, আমাদের শর্ত মেনে ভারত যদি বাংলাদেশের কাছে আসে তাহলে ত্রিদেশীয় পাইপলাইন স্থাপন প্রক্রিয়া আবার শুরু হতে পারে।
