আগামী বছর দেশের সকল নাগরিককে পরিচয়পত্র দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের সকল নাগরিককে পরিচয়পত্র দেওয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আগস্ট মাসের মধ্যেই এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হবে।
আগামী বছরের শুরুতেই দেশের সকল নাগরিককে পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হবে।
সংসদে বুধবার জাতীয় পার্টির সাংসদ হাফিজউদ্দিন আহমেদের ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে দেশের প্রত্যেকটি মানুষের জন্যে পরিচয়পত্র অত্যাবশ্যক। পরিচয়পত্র না থাকায় অনেক নিরীহ মানুষও হয়রানির শিকার হচ্ছে, আবার অনেক অপরাধীও পার পেয়ে যাচ্ছে।
তিনি বলেন, এ লক্ষ্যে সরকার প্রত্যেক নাগরিকের জন্যে পরিচয়পত্র দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি বিভিন্ন দেশে তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন দিয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তাবনা তৈরি করা হয়েছে, যা ইতোমধ্যে প্রয়োজনীয় অনুমোদন লাভ করেছে।
