দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক নির্মাণের কাজ আগামী বছর শুরু হবে
যোগযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, আগামী বছরের প্রথমভাগে দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক নির্মাণের কাজ শুরু হবে।
বাংলাদেশ সরকারের অর্থায়ন ছাড়াই বাংলাদেশ প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার গাইড লাইন্সের আওতায় বেসরকারি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে বা দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি একথা জানান।
বৈঠকে জানানো হয়, উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশ প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার গাইড লাইন্সের আওতায় দুশ দশ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়েতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের জন্যে ছয়টি লেন থাকবে। বৈঠকে মালয়েশিয়াভিত্তিক ছয়টি প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম আজিমাত কনসোর্টিয়াম প্রায় ছয় হাজার কোটি টাকার প্রকল্পের রূপরেখা তুলে ধরে।
দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের অ্যালাইনমেন্ট হিসেবে নারায়নগঞ্জ, মতলব, শাহরাস্তি, ফরিদগঞ্জ, কোম্পানীগঞ্জ, সোনাগাজী, মিরেরশ্বরাই, সীতাকু-ু, হাটহাজারীর কথা প্রস্তাব করা হয়েছে।
