বাগেরহাটে ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মঙ্গলবার গভীর রাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে পড়ে একজন চরমপন্থী নেতা নিহত হয়েছে।
বন্দুকযুদ্ধ চলাকালে দু’জন পুলিশের সদস্যও আহত হয়।
নিহত চরমপন্থী নেতার নাম একরামুল হক হেলাল (৩৬)। সে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক নেতা।
বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তাফা কামাল বিডিনিউজকে জানান, মঙ্গলবার দুপুরে একটি রেস্টুরেন্ট থেকে হেলালকে পুলিশ গ্রেফতার করে। ওই রাতে হেলালের স্বীকারোক্তি মোতাবেক ডিবি ও থানা পুলিশের একটি দল হেলালকে নিয়ে তার গোপণ আস্তানায় অভিযান চালায়। এ সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীদের সাথে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির এক পর্যায়ে হেলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
তার বিরুদ্ধে হত্যা চাঁদাবজি, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
