স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেলের কর্মকর্তাাদের সাথে সন্ত্রাসী ধীরা’র যোগসূত্র তদন্ত করবে সরকার
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মিডিয়া সেলের কিছুসংখ্যক কর্মকর্তার সাথে গ্রেফতারকৃত কুখ্যাত সন্ত্রাসী শাহাবুদ্দিন লস্কর ওরফে ধীরা’র যোগসূত্র থাকার বিষয়টি খতিয়ে দেখবে সরকার।
এই লক্ষ্যে গোয়েন্দা পুলিশের ডিআইজি শামসুল ইসলামকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ২৪ ঘন্টার মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করবে।
ধীরা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে বিশেষ সুবিধা ভোগ করছে এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আব্দুর রহমান খান’র ভিজিটিং কার্ড ধীরার কাছে পাওয়া গেছে এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পরই সরকার বিষয়টি সম্পর্কে তদন্ত করার সিদ্ধান্ত নেয়।
কুখ্যাত এই শিবির ক্যাডারের সাথে সাংবাদিকের কোন সম্পর্ক রয়েছে কিনা কমিটি সেটাই তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বেলালউদ্দিনের নৃশংস হত্যাকান্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রনালয় মিডিয়া সেলের কয়েকজন কর্মকর্তা তাদের বাড়ি-ঘরে এই সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে। কমিটি এই বিষয়টিও খতিয়ে দেখবে।
খুলনার সাংবাদিক শেখ বেলালউদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী শিবির ক্যাডার ধীরাকে পুলিশ গত মঙ্গলবার রাজধানীর মালিবাগ এলাকা থেকে গ্রেফতার করে।
দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো চিফ এবং মহানগর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ বেলালউদ্দিন গত ৬ ফেব্রুয়ারি খুলনা প্রেস ক্লাবের সামনে এক বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন এবং ১১ ফেব্রুয়ারি মারা যান।
মুফতী হান্নানের ঘনিষ্ঠ সহযোগী ধীরাকে গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভাস্থলে ৭৬ কেজি বোমা পেতে রাখা এবং ২১ আগষ্ট ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার সাথেও জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে।
সাংবাদিক বেলাল হত্যা মামলা ছাড়াও খুলনায় ধীরা’র নামে আরও দুটি হত্যা মামলা রয়েছে। এর একটি সোনাডাঙ্গা থানায় (মামলা নং ২) ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি এবং অপরটি খান জাহান আলী থানায় (মামলা নং ১০) ২০০৫ সালের ৮ জুন দায়ের করা হয়।
