ক্যান্সার নিরাময়ে এসপিরিন এবং ভিটামিন ই সহায়ক নয়
ক্যান্সার নিরাময়ে কি এসপিরিন কার্যকর ভূমিকা রাখে? হৃদরোগ এবং ক্যান্সার থেকে আরোগ্যলাভে ভিটামিন-ই কতটুকু কার্যকর? ৪০ হাজার মার্কিন মহিলার ওপর ১২ বছর ধরে এক গবেষণা চালিয়ে এর সপক্ষে কোন প্রমান পাওয়া যায়নি।
নিয়মিত স্বল্প পরিমাণের এসপিরিন সেবন করলে ফুসফুসের ক্যান্সার নিরাময়ে কাজ হতে পারে, এমন কোন প্রমান মেলেনি। তবে তা নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে রিপোর্টে মন্তব্য করা হয়। উচ্চ মাত্রার এসপিরিন প্রয়োগে আর কোনও ফল লাভ সম্ভব কিনা তা জানা যায়নি।
আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন জার্নালের চলতি সংখ্যায় এসপিরিন এবং ভিটামিন ই-র ওপর গবেষণালব্ধ দু’টি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। ১৯৯২ সাল থেকে পরিচালিত এই গবেষণায় ৩৯,৮৭৬ জন স্বাস্থ্যবান মহিলাকে অর্ন্তভূক্ত করা হয়। কমপক্ষে ৪৫ বছর বয়সী মহিলাদের ২০০৪ সাল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
চারটি গ্রুপে বিভক্ত করা হয় মহিলাদের। একটি গ্রুপকে এসপিরিন এবং অকার্যকর ভিটামিন ই সেবন করানো হয়। দ্বিতীয় গ্রুপকে অকার্যকর এসপিরিন এবং ভিটামিন ই সেবন করানো হয়। তৃতীয় গ্রুপটিকে এসপিরিন এবং ভিটমিন ই উভয়ই প্রদান করা হয় এবং সর্বশেষ গ্রুপটিকে কেবল নিষ্ক্রিয় এসপিরিন এবং ভিটামিন ই প্রয়োগ করানো হয়।
ডোজের মাত্রা ছিল একদিন পর পর ১০০ মিলিগ্রামের এসপিরিন এবং ৬০০ আন্তর্জাতিক ইউনিটের ভিটামিন ই। এ পরীক্ষায় দেখা যায়, এসপিরিন এবং ভিটামিন ই ক্যান্সার নিরাময়ে কোন কার্যকর ভূমিকা রাখে না।
