শিক্ষামন্ত্রীর সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ
শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেছেন, ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি প্রদান ছিল তৎকালীন বিএনপি সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৫০ হাজার ছাত্রছাত্রী পড়াশুনা করছে, যা উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে।
শিক্ষামন্ত্রী মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সাথে আলোচনায় একথা বলেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এমএ হাসেম এমপি। খবর প্রেসবিজ্ঞপ্তি’র।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনীতে নিয়ন্ত্রণ নয় বরং শিক্ষা বিস্তার ও মান সংরক্ষণে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দেয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষা কোনো পণ্য নয়। উচ্চশিক্ষার নামে যত্রতত্র অনুমোদনবিহীন প্রতিষ্ঠান দেশের বেসরকারি পর্যায়ে শিক্ষার ভাবমূর্তিকে ক্ষুণœ করেছে। তিনি এজন্য সংশ্লিষ্ট সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন।
শিক্ষা সচিব ফারুক আহমদ চৌধুরী, অ্যাসোসিয়েশনের আহবায়ক কমোডর (অব.) এম এ রহমান, আবুল কাসেম হায়দার ও আনহার এ চৌধুরী এসময় বক্তব্য রাখেন।
