ইট তৈরিতে চীনের পরিবেশ বান্ধব প্রযুক্তি শিগগিরই বাংলাদেশে আসছে
জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারেরর লক্ষ্যে ইট তৈরিতে শিগগিরই বাংলাদেশে চীনের পরিবেশ বান্ধব প্রযুক্তি ভারটিক্যাল শ্যাফ্ট ব্রিক কিনস (ভিএসবিকে) ও ফোর্সড ড্রাফট টানেল কিন (এফডিটিকে) চালু হতে যাচ্ছে।
এই প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারযোগ্য হবে কিনা তা পরীক্ষা করার জন্য প্রাথমিকভাবে সাভার ও কক্সবাজারে দুটি ইট ভাটা স্থাপন করা হবে। তবে বাংলাদেশে প্রযুক্তিটি মানানসই কিনা তা দেখতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে।
উভয় প্রযুক্তির ইট ভাটাই চীনে ব্যাপকহাবে ব্যবহৃত হচ্ছে। এটি একই সাথে জ্বালানি সাশ্রয়ী ও কম দূষণকারী। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোর কথা বিবেচনা করেই এর ডিজাইন করা হয়েছে। তাই এ প্রযুক্তি স্থাপনে খরচ অনেক কম।
এ প্রযুক্তি ব্যবহারের ফলে জ্বালানি খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে। তাছাড়া এ প্রযুক্তি ব্যবহার করার জন্য যেহেতু উচ্চ ডিগ্রী সম্পন্ন মেকানিক প্রয়োজন নেই তাই বর্তমান প্রযুক্তি ব্যবহৃত ইট ভাটায় কর্মরত শ্রমিক কর্মচারীর ওপর প্রভাব পড়বে খুব কমই।
সরকারের ৫,৪৮,০০০ মার্কিন ডলার ব্যয়ে গৃহীত ‘ইট প্রস্তুত কারখানায় ভাটার দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় বাংলাদেশে এ প্রযুক্তি আনা হবে।
নতুন প্রযুক্তি সম্পর্কে বেসরকারি উদ্যোক্তাদের সাথে মতবিনিময়ের জন্য ইউএনডিপি সোমবার নগরীতে একটি কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশে গ্রিন হাউজ গ্যাস দূষণের বৃহৎ উৎস হচ্ছে ইট ভাটা। ইউএনডিপি’র টেকসই উন্নয়ন উপদেষ্টা আমিনুল ইসলাম বিডিনিউজকে বলেন, মেয়াদ উত্তীর্ণ, দুর্বল অবকাঠামো সম্পন্ন ইট ভাটাগুলোতে জ্বালানি হিসেবে অধিক সালফার মিশ্রিত কয়লা, টায়ার ও কাঠ ব্যবহার করায় এগুলো থেকে অধিক পরিমাণে দূষণ ঘটছে।
দূষণ নিয়ন্ত্রণে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি ইট ভাটায় ১২০ ফুট উঁচু চিমনি ব্যবহারের নির্দেশ দেয়। কিন্তু যেসব এলাকায় খুব কঠোরভাবে এই নিয়ম কার্যকর করা হয়েছে সেসব এলাকায়ই কেবল এই উচ্চতার চিমনি ব্যবহার করা হচ্ছে। তাছাড়া এখনও ব্যাপকভাবে পুরনো চিমনি ব্যবহার করার অভিযোগ রয়েছে।
এসব নিয়ম করেও দূষণকারী প্রযুক্তির ব্যবহার কমাতে না পারায় এবং নিজেরা সাশ্রয়ী জ্বালানির কার্যকরী কোনও প্রযুক্তির উদ্ভাবন করতে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ বিদেশ থেকে প্রযুক্তি আনার সিদ্ধান্ত নিয়েছে।
