এসইসি ৬২ হাজার ৬৭৪টি ভুয়া ও অনিয়মিত বিও হিসাব বাতিল করেছে
ভুয়া বা অনিয়মিত হওয়ার কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৬২ হাজার ৬৭৪টি বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাব বাতিল করেছে। এসইসি কর্মকর্তা সূত্রে শনিবার এ তথ্য জানা গেছে।
কমিশন সূত্র জানায়, বাতিলকৃত হিসাবগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের আইপিও জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত ২৬ হাজার ৪টি হিসাবও রয়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মনসুর আলম বিডিনিউজকে জানান, বাতিলকৃত অধিকাংশ হিসাবের প্রয়োজনীয় কাগজপত্র নেই এবং কেন্দ্রীয় আমানত পদ্ধতি (সিডিএস) অনুযায়ী এগুলো নিবন্ধন করা হয়নি।
তিনি জানান, এসইসির নিয়ম অনুযায়ী হিসাবগুলো খোলা হয়নি। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এসইসি এই পদক্ষেপ নিয়েছে।
এসইসি সূত্র আরও জানায়, বর্তমানে বিভিন্ন আমানতকারীর প্রায় চার লাখ ২০ হাজার বিও হিসাব রয়েছে।
বর্তমানে ১৭৯টি মূলধনী অংশিদার প্রতিষ্ঠান (ডিপি) রয়েছে, যার মধ্যে অধিকাংশই ব্রোকারেজ হাউজ। এগুলোর মধ্যে ১৫৮টি কার্যকরী রয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের আইপিও জালিয়াতির পর এসইসি ভুয়া বিও হিসাব বাতিলের উদ্যোগ নেয়। এ উদ্যোগের কারণে ভুয়া বিও হিসাব চিহ্নিত করা হয়েছে।
ডিপোজিটরি অ্যাক্ট ১৯৯৯ (৬) ধারা অনুযায়ী কমিশন সকল ডিপিকে ভুয়া ও অনিয়মিত বিও হিসাব চিহ্নিত করার আদেশ দেয়।
কমিশন সকল ডিপিকে ৩০ জুনের মধ্যে এসইসি, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লি. (সিডিবিএল) এবং ঢাকা ও চট্্রগ্রাম স্টক এক্সচেঞ্জকে সঠিক বিও হিসাব জানানোর নির্দেশ দেয়।
২০০৪ সালের ২৪ জানুয়ারি থেকে বিও হিসাব ইলেক্টট্রনিক অজড়করণের মাধ্যমে লেনদেন হয়ে আসছে।
