রোববার দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য সচিবদের বৈঠক
বিশ্বস্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্য সচিবদের দু’দিনব্যাপী দশম বৈঠক রোববার ঢাকায় শুরু হচ্ছে।
স্বাস্থ্য সচিব সারোয়ার কামাল শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, জাতীয় গণস্বাস্থ্য অবকাঠামো জোরদার এবং দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের মানুষ স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা মোকাবেলার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। দু’দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে।
তিনি বলেন, স্বাস্থ্য সচিবদের এই বৈঠক আঞ্চলিক সংহতি জোরদার এবং এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যের উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতা বৃদ্ধি করবে।
রোববার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ বৈঠকের উদ্বোধন করবেন।
কোরিয়ার ভাইস মিনিস্টার, মায়ানমারের স্বাস্থ্য উপমন্ত্রী, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যাণ্ডের স্বাস্থ্য সচিববৃন্দ, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ইন্দোনেশিয়ার চীফ অব দ্য ব্যুরো অব প্ল্যানিং এণ্ড বাজেটিং, মালদ্বীপের হেলথ সার্ভিসের পরিচালক এবং তিমুর লিস্টের পলিসি এণ্ড প্ল্যানিংয়ের পরিচালক এ বৈঠকে অংশ নেবেন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএস লাম্বা, ড. কামরুজ্জামান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড. আরিফ।
