২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে দায়িত্ব পালন শেষে হ্যারি কে টমাসের ঢাকা ত্যাগ

বাংলাদেশে দু’বছর দায়িত্ব পালন শেষে শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তবে বাংলাদেশ সম্পর্কে তার মূল্যায়ন ঢাকার জন্যে আশাব্যঞ্জক। সরকারের জন্যেতো বটেই। বিদায়ের প্রাক্কালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যারি কে টমাস সাংবাদিকদের বলেন, আমার মতে বাংলাদেশ একটি উদার রাষ্ট্র।

বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র- ইতোপূর্বে দেওয়া হ্যারির এমন মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের পশ্নের জবাবে তিনি বলেন, আমি বলেছি বাংলাদেশ একটি উদার রাষ্ট্র। আমি কখনোই বলিনি বাংলাদেশ উদার মুসলিম রাষ্ট্র।

গাঢ় বাদামি স্যুট পরা হ্যারি তার বক্তব্যের সমর্থনে বলেন, আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র নয়, আমেরিকা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ উদার রাষ্ট্র। বাংলাদেশ তেমনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ উদার রাষ্ট্র।

আবার যখন সাংবাদিকরা তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপনি প্রথম ঢাকা আসার পর বলেছিলেন, বাংলাদেশ উদার মুসলিম রাষ্ট্র, তখন তিনি বলেন, সে ব্যাপারে প্রধানমন্ত্রী আমাকে সংশোধন করে দিয়েছিলেন।

হ্যারি কে টমাস বলেন, আমার এবং আমার পরিবারের কাছে বাংলাদেশের মানুষ খুবই চমৎকার। বাংলাদেশকে আমাদের সবসময় মনে থাকবে। আমি জানি, বাংলাদেশে অগ্রগতির ধারা বজায় থাকবে এবং এটি গণতন্ত্রের মডেল হিসেবে আবির্ভূত হবে। তিনি বলেন, আমি আমার কূটনৈতিক ও সাংবাদিক বন্ধুসহ সকলকে বিদায় জানাচ্ছি।

ঢাকায় অবস্থানকালে কোন জিনিসটি তার সবচেয়ে ভাল লেগেছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ। বাংলাদেশের জনগণকে আমার খুবই ভাল লেগেছে। তারা খুবই প্রাণবন্ত ও উৎসাহী। 

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার সর্বশেষ মন্তব্য জানতে চাইলে বিদায়ী রাষ্ট্রদূত হেসে বলেন, আপনারা আমার কথাকে সংবাদ শিরোনাম করার চেষ্টা করছেন! আমি কিন্তু এখন আর রাষ্ট্রদূত নেই। রাষ্ট্রপতি আমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখন আমি অনেক দূর থেকে তোমাদের অবস্থা পর্যবেক্ষণ করবো। 

বাংলাদেশে আবার আসবেন কি-না, এ প্রশ্নের উত্তরে তিনি ভাঙা বাংলায় বলেন, আমি আশা করি, যে আগামী দুই তিন বছর...বাংলাদেশে যাব। অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ধন্যবাদ।

বাংলাদেশে অবস্থানকালে তার জন্যে সবচেয়ে অস্বস্তিকর কী ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আমি অনেক বেশি চিংড়ি মাছ এবং ভাত-রুটি খেয়েছি। এতে আমার দশ কেজি ওজন বেড়েছে। আমি পরে আবার আসলে এ দশ কেজি কমানোর চেষ্টা করবো।

যুক্তরাষ্ট্্র ও বাংলাদেশের মধ্যকার পরবর্তী ইস্যু কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি কৌতুক করে বলেন, তিনি আশা করছেন, মার্কিন ক্রিকেট দল শিগগিরই বাংলাদেশ সফরে  আসবে এবং বাংলাদেশকে পরাজিত করবে।

পরবর্তী সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি-না, সে সম্পর্কে তিনি বলেন, ইনশাল্লাহ তা হবে।

হ্যারি কে টমাসের বিদায়ের সময় ঢাকায় কূটনৈতিক কোরের ডিন শাহতা জারাব, ভুটান ও তুরস্কের রাষ্ট্রদূত এবং মার্কিন দূতাবাসের মিশন উপ-প্রধান জুডিথ এ চ্যামাস বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নতুন রাষ্টদূত কে হবেন, তা এখনও ঠিক হয়নি। তবে সে পর্যন্ত চ্যামাস ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।