শিক্ষা অধিদপ্তরের জন্য ১১৫ টি নতুন কার্য পরিকল্পনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য ১১৫ টি নতুন কার্য পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার শিক্ষাভবনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষা কর্মকর্তারা এ তথ্য জানান।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে অধিদপ্তরের বিভিন্ন শাখায় কাজ নির্ধারিত সময়ে শেষ করা এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব না হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
বৈঠকে আরো জানানো হয়, এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শিক্ষা ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ, ভবনের নিরাপত্তা রক্ষা, শিক্ষা ভবনে অবৈধ বসতি উচ্ছেদ এবং অধিদপ্তরের বিভিন্ন শাখার সঙ্গে সারা দেশের শিক্ষা সম্পর্কিত সকল প্রতিষ্ঠানের যোগাযোগ রক্ষার জন্য নেটওয়ার্ক গড়ে তোলার।
শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক দিলারা হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। এতে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মিক্ষা সচিব ফারুক আহমেদ সিদ্দিকী, অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খুরশেদ আলম, বেসরকারি কলেজ শিক্ষক সমিতির মহাসচিব সেলিম ভুঁইয়া, শিক্ষা মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।
শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক বলেন, কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনতে অধিদপ্তরের কার্য পরিকল্পনা বাস্তবায়ন করার বিকল্প নেই।
তিনি ট্রেড ইউনিয়নবাজী বাদ দিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান করেন।
