সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাঁটা পড়ে নিহত ১১ আহত ৪৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার পৃথক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে।
সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শুক্রবার সকালে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়। যমুনা সেতু (পশ্চিম) সংযোগ সড়কের নলকা পশ্চিমাঞ্চল গ্যাস অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার পর যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গ্যাস ওয়েল্ডিং মেশিনের সাহায্যে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কারের জানালা কেটে ভিতর থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।
সকাল ৯টায রাজধানীর মহাখালি রেল ক্রসিং-এ ট্রেনের নিচে কাটা পড়ে আবু সায়েম (২৭) নিহত হন। তিনি এনজিও পরিচালিত অপরাজেয় বাংলা নামের একটি স্কুলের শিক্ষক।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কে মুন্সিবাজার এলাকায় গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক ও গবেষক ফিলিপ গাইনের মা তেরেজা গাইন (৭৫) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ফিলিপ গাইনসহ ১০ জন আহত হন।
এছাড়াও ফরিদপুর খুলনা মহাসড়কের মধূখালী উপজেলার হাটঘাটায় রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি বাসের চাপায় সেলিম (২৫) নামের এক যুবক নিহত হয়।
রাজশাহী প্রতিনিধি জানান, নগরীর কাদিরগঞ্জ মসজিদের সামনের সড়কে বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী গামী এসআর পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছে।
ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে। এসময় উত্তেজিত জনতা খান এন্টারপ্রাইজের একটি গাড়ি ভাংচুর করে।
পিরোজপুর প্রতিনিধি জানায শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর- মঠবাড়িয়া সড়কে বাইসাইকেল আরোহী দুই মাদ্রাসা ছাত্রকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে সানাউল্লাহ (১১) নামে এক কিশোর নিহত ও ইয়াসিন (১২) নামে এক কিশোর আহত হয়। ইয়াসিনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শুক্রবার ভোরে গাইবান্ধার পলাশবাড়ি সড়কে গুখ নগরে ঢাকা থেকে আসা নৈশ কোচ একটি গাছের সাথে ধাক্কা খেলে বাসের ৩৫ যাত্রী আহত হয়। এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।
