শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস
আগামীকাল শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস। দিবসটির প্রধান প্রতিপাদ্য হচ্ছে, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
দিবসের ৮৩তম বার্ষিকী পালন উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে দেয়া এক বানীতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, ৮৩তম আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন উপলক্ষে আমি দেশ ও বিদেশের সকল সমবায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবারের আন্তর্জাতিক সমবায় দিবসে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ক্ষুদ্রঋণকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বেছে নেয়ায় এ দিবসটির তাৎপর্য আরো বেড়েছে বলে আমি মনে করি।
প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্য সৃষ্টির পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও সমাজের অগ্রগতিতে বিশ্বব্যাপী সমবায় কার্যকর প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। আমাদের দেশের সাধারণ মানুষের আর্থ - সামাজিক উন্নয়ন, পুঁজি গঠন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য নিরসনে সমবায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেজন্য সরকার সমবায় আন্দোলনকে উচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
