২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা শুরু

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুর্ঘটনা কবলিত বাংলাদেশ বিমানের ডিসি-১০ বিমানটির উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 05:39 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, দুই দিনের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হবে।

তিনি জানান, সিভিল এ্যাভিয়েশন ও বাংলাদেশ বিমানের কাছে উদ্ধারের জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। তারপরও সেনাবাহিনী, রেলওয়ে, চট্টগ্রাম বন্দরের সহায়তা চাওয়া হয়েছে এবং সেনাবাহিনীর উদ্ধার দল ইতিমধ্যেই উদ্ধার কাজ  শুরু করেছে।

শুক্রবার সকাল ৮ টা ৪৭ মিনিটে দুবাই- চট্টগ্রাম- ঢাকা রুটের বিজি ০৪৮ ফ্লাইটটি শাহ আমানত বিমান বন্দরে ল্যান্ড করার পূর্ব মুহুর্তে ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমান বন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাইলটকে অবতরণ না করতে বলা হয়েছিল। কিন্তু ইঞ্জিনে আগুন ধরে যাওয়াতে পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। নিয়ম অনুযায়ী, রানওয়ের মাঝখানে অবতরণ করার কথা থাকলেও বিমানটি রানওয়ের ডানপাশে অবতরণ করে।

অবতরণের সঙ্গে সঙ্গে ডান পাশের চাকাটি খুলে পড়ে যায়। রানওয়ের দক্ষিণ দিকে এক কিলোমিটার চলার পর বিমানটি পতেঙ্গা নান্দিরপাড়ার কাছে রানওয়ে থেকে ছিটকে বেড়িয়ে যায়। রানওয়ের বাইরে সমান্তরাল আরও আধ কিলোমিটার চলার পর বিমানটির গতি বন্ধ হয়ে যায়। বর্তমানে বিমানটি রানওয়ে থেকে একশত গজের মধ্যে নাজিরপাড়ায় ডানদিকে হেলে পড়ে আছে।

সিলিভ এ্যাভিয়েশন কর্তৃপক্ষ দুই দিনের জন্যে শাহ আমানত বিমান বন্দর বন্ধ করে দিয়েছে। তবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন আশা প্রকাশ করেছেন, শনিবার বিকেল চারটার মধ্যে বিমান বন্দর আবার চালু হবে।

দুর্ঘটনার দুই ঘন্টার মধ্যে সেনাবাহিনীর ১৬ ও ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের দুইটি টিম বিমানটির পাশে অবস্থান নিয়েছে। দুপুরে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক পরীক্ষার পর সেনাবহিনী উদ্ধার কাজ শুরু করে।

এর আগে সিভিল এ্যাভিয়েশনের দমকল বাহিনী বিমানটির গতি রুদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভানো এবং যাত্রীদের উদ্ধার তৎপরতা শুরু করে। শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক এএসএম ফরহাদ জানিয়েছেন, আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় ঘন্টা খানেকের মধ্যে বিমানটির জ্বালানি পাইপ এবং ব্যাটারির লাইন বিচ্ছিন্ন করে বিমানটিকে বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করা হয়।

বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইটের যাত্রী ছিল ২০০ জন। এর মধ্যে ১৬৭ চট্টগ্রামের এবং অপর ৩৩ জন ঢাকার। চট্টগ্রামের যাত্রীদের মধ্যে দুই জন এবং ঢাকার যাত্রীদের মধ্যে চার জন ছিল কলকাতা কানেকটিং ফ্লাইটের যাত্রী । বিমানে ক্রু ছিল ১৪ জন।

দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন যাত্রী আহত হয়েছে।