২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্ট্রগ্রামে বিমানের দুবাই ফ্লাইট দুর্ঘটনা: যাত্রীরা নিরাপদে, ২য় লিড

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্রগ্রামগামী ফ্লাইট (বিজি ০৪৮) ২০০ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরনকালে দুর্ঘটনায় পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 01:37 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিমান কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শিরা জানান, ঝড়ো আবহাওয়ার মধ্যে অবতরণকালে ডিসি ১০ উড়োজাহাজটির একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের বাইরে ছিটকে পড়ে।

ফ্লাইটটির সকল যাত্রী ও ক্রুরা নিরাপদে আছেন। সামান্য আহত কয়েকজন যাত্রীকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিমানের একজন মুখপত্র ঢাকায় বিডিনিউজকে জানান, ‘সম্ভবত ঝড়ো আবহাওয়ার কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। তবে তদন্ত হওয়ার পরেই এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। সকাল ৮ টা ৪৯ মিনিটের দিকে ওই দুর্ঘটনা ঘটে।’

এদিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ওই দুর্ঘটনা তদন্তে সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেইফটি) হাবিব উল্লাহকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত দল এরই মধ্যে চট্টগ্রাম রওনা হয়েছেন।

প্রত্যক্ষদর্শি একজন যাত্রী জানান, উড়োজাহাজটি অবতরণের সময় চাকা খুলে যাওয়া ছাড়াও এর একটি ডানায় আগুন ধরে যায়। এর পর পরেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে প্রায় ২০০০ ফুট ছিটকে বাইরে চলে যায়।

বিমানবন্দরের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, দুর্ঘটনার পর পরেই দ্রুত উড়োজাহাজটির ডানার আগুন নিয়ন্ত্রণে এনে জরুরি অবতরনের দরজা দিয়ে যাত্রীদের বের করে আনা হয়। অল্প কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

বিমানের দুবাই ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিলো। পরে ঢাকাগামী যাত্রীদের সড়ক পথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন দ্রুত হেলিকপ্টারে করে চট্টগ্রাম আসেন।