২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজ কনিষ্ঠদের পদোন্নতি ও পছন্দমতো পোস্টিংয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের হতাশা

সংস্থাপন মন্ত্রণালয় বেশ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে পদোন্নতি ও তাদের পছন্দমতো পোস্টিং দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তারা হতাশা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পদোন্নতি বঞ্চিত কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুর্নীতির দায়ে অভিযুক্ত বেশ কিছু কনিষ্ঠ কর্মকর্তাকেও পদোন্নতি দিয়ে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

সম্প্রতি বিভিন্ন ক্যাডার থেকে উপ-সচিব পদে ৩২৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। প্রশাসন ক্যাডারের পদোন্নতিপ্রাপ্ত অনেক কর্মকর্তার বিরুদ্ধেই দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ছিল।

এর আগে পদোন্নতির জন্যে প্রশাসন ক্যাডারের ৫৭৭ জন কর্মকর্তার একটি তালিকা তৈরি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই ৫৭৭ জন কর্মকর্তার অধিকাংশেরই বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সন্তোষজনক নয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং দুর্নীতি দমন কমিশনে অভিযোগ তদন্তাধীন রয়েছে। এদিকে, ওইসব কর্মকর্তার মধ্য থেকেই ২৭৬ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

অনুসন্ধানে দেখা গেছে, ইতোমধ্যে পদোন্নতিপ্রাপ্ত অধিকাংশ কর্মকর্তাকে তাদের পছন্দমতো স্থানে পোস্টিংও দেওয়া হয়েছে। ফলে অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠ কর্মকর্তাকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা হয়েছে।

সূত্র জানায়, প্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি এবং পোস্টিং দিয়ে থাকেন সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এপিডি)। বর্তমানে এ দায়িত্ব পালন করছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত একজন কর্মকর্তা।

ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) এসএম আব্দুস সালামের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও তাকে ওই পদে বহাল রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে অভিযোগ পাওয়া গেছে, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি তার পদে বহাল রয়েছেন।

বর্তমান প্রধান বন সংরক্ষক এম আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় তাকে বন সংরক্ষক পদ থেকে পদোন্নতি দিয়ে এ পদে বসানো হয়েছে। মীর সাহাবুদ্দিন মোহাম্মদ সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোতে একাধিক অভিযোগ ছিল। তাকে এখন রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

পশু সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড.সালাহউদ্দিন মাহমুদের বিরুদ্ধে তার দপ্তরেরই কর্মকর্তা কর্মচারিরা সম্প্রতি সংবাদ সম্মেলন করে দুর্নীতির অভিযোগ করলেও প্রশাসনিক কোনও ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। পরিবহন পুলের কমিশনার ওসমান গণির বিরুদ্ধেও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন উপজেলায় প্রায় শতাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকা সত্বেও তারা স্ব স্ব পদে বহাল রয়েছেন ।

এদিকে, প্রশাসনে পদোন্নতি বঞ্চিত জ্যেষ্ঠ যুগ্মসচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী পর্যায়ের প্রায় দুই শতাধিক কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় অভিযুক্ত কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত, যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং পদোন্নতির ক্ষেত্রে যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের কথা থাকলেও সভায় এসব নিয়ে তেমন কোনও আলোচনা হয় না।