২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত বিচার আদালতে ৩৩ মাসে ৩১১ জনের গুরুদন্ডাদেশ

২০০২ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকে দেশের নয়টি দ্রুত বিচার ট্রাইবুনাল গত ৩৩ মাসে চাঞ্চল্যকর বিভিন্ন হত্যা মামলায় ৩১১ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, দ্রুত বিচার ট্রাইবুনালে বুয়েট ছাত্রী সনি হত্যা মামলা, কলেজ ছাত্রী বুশরা ও স্কুল ছাত্রী তৃষা ধর্ষণ ও হত্যা মামলাসহ ৬৫০টি চাঞ্চল্যকর মামলার নিষ্পত্তি হয়েছে।

দেশের বিভিন্ন কারাগারের ৫৩টি কনডেম সেলে ফাঁসির আদেশপ্রাপ্ত মোট ৬৫৫ জন আসামি ঠাঁসাঠাঁসি করে অবস্থান করছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, দ্রুত বিচার ট্রাইবুনাল প্রতিষ্ঠা করে বর্তমান সরকার বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে।

তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইবুনাল প্রতিষ্ঠার মাধ্যমে সরকার ব্যাপক সাফল্য অর্জন করেছে। দ্রুত বিচার ট্রাইবুনালে অতি অল্প সময়ের মধ্যে বুয়েট ছাত্রী সনি হত্যা মামলা ও তৃষা হত্যা মামলার নিষ্পত্তি করা হয়েছে। তাছাড়া আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাসহ অন্যান্য মামলা নিষ্পত্তির ব্যাপারে সরকার অন্যান্য আদালতকেও গতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, গুরুদন্ডপ্রাপ্তদের জন্য সরকার কনডেম সেলের সংখ্যা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে।

সূত্র জানায়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে মোট ৩১ জনের ফাঁসির আদেশ কার্যকর করা হয়েছে।

সূত্র আরও জানায়, ২০০১ সালের ৩০ জুন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলাসহ মোট ৫৬টি মৃত্যুদন্ডাদেশ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঠানো হয়েছে। এর মধ্যে আপিল বিভাগ ২৫টি মামলার নিষ্পক্তি করেছে। তবে এবছর কোনও হত্যা মামলার নিষ্পত্তি করতে পারেনি আপিল বিভাগ।

সূত্র মতে, গত চার বছরে দেশের দ্রুত বিচার আদালত ও দায়রা জজ আদালত মোট ৪৩৪ জন আসামিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন। এর মধ্যে দ্রুত বিচার ট্রাইবুনাল মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন ৩১১ জনকে এবং দায়রা জজ আদালত দিয়েছেন ১২৩ জনকে।

সূত্র জানায়, ২০০১ সালের মে মাস থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত ২২ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এর মধ্যে ২০০১ সালে একজন, ২০০২ সালে দুইজন, ২০০৩ সালেও দুইজন, ২০০৪ সালে ১৩ জন এবং ২০০৫ সালে চার জনের ফাঁসি কার্যকর করা হয়।

স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন আদালতে মোট ২২১ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। অন্যদিকে, ২০০২ সালে ৮০ জনকে, ২০০৩ সালে ১৬২ জনকে, ২০০৪ সালে ১১২ জনকে এবং চলতি বছর ৮০ জনকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ১২ জনকে মৃত্যুদন্ডাদেশ দেয়া বঙ্গবন্ধু হত্যা মামলাটি ২০০১ সালে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়। তবে বেঞ্চের অভাবে এখনও মামলাটির নিষ্পত্তি হয়নি।

সূত্র জানায়, মৃত্যুদন্ডাদেশের শুনানির জন্য হাইকোর্টে মোট তিনটি বেঞ্চ রয়েছে। তবে যথাযথ কাগজপত্রের অভাবে তারা নিয়মিত শুনানি গ্রহণ করতে পারেন না।