এ পর্যন্ত ১৩২টি উচ্চমাধ্যমিক স্কুল ও ৯২টি কলেজকে জাতীয়করণ করা হয়েছে
দেশের প্রতিটি উপজেলায় একটি করে উচ্চমাধ্যমিক স্কুল ও কলেজ জাতীয়করণ করার নীতির আলোকে সরকার এ পর্যন্ত ১৩২টি উচ্চমাধ্যমিক স্কুল ও ৯২টি কলেজকে জাতীয়করণ করেছে।
সাংসদ মোহাম্মদ আলী সরকারের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডঃ ওসমান ফারুক বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা জানান।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ২০০২, ২০০৩, ২০০৪ সালে পাবলিক পরীক্ষাগুলোতে যে সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতকরা ১০ ভাগ শিক্ষার্থী পাশ করতে ব্যার্থ হয়েছে সরকার ইতোমধ্যে সে সকল স্কুলগুলোর শিক্ষক কর্মচারিদের বেতনের সরকারি অর্থ প্রত্যাহার করেছে।
২০০৩ সালে একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন এমপিও ভুক্ত ডিগ্রী কলেজগুলোকেও চিহ্নিত করা হয়েছে এবং ওই কলেজগুলোর শিক্ষক কর্মচারিদের সরকারি অংশের বেতনও প্রত্যাহার করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণে সরকারের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতা গ্রহণের পর সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে একটি সংস্কার প্রস্তাবনার খসড়া প্রনয়ণের জন্য ২০০২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহবায়ক করে একটি উচ্চক্ষমতা সমপন্ন কমিটি গঠন করে ।
মন্ত্রী আরও বলেন, একটি পাঠ্যক্রম প্রনয়ণ করা হয়েছে এবং তা এখন বাস্তবায়নের অপেক্ষায় আছে।
সরকার দাখিল ও আলিম শ্রেনীতে কারিগরী শিক্ষা, বিজ্ঞান বিভাগ অন্তর্ভূক্ত করা এবং কম্পিউটার বিষয় সম্পৃক্ত করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে।।
