সওজ: সশস্ত্র সন্ত্রাসীদের পদভার, ৭০ কোটি টাকার টেন্ডার সিডিউল কেউ কিনতে পারেনি
নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও সন্ত্রাসীদের ভয়-ভীতি ও চাপের মুখে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৭০ কোটি টাকার একটি টেন্ডার সিডিউল কেউ কিনতে পারেনি। কর্তৃপক্ষ নতুন করে বর্ধিত তারিখ নির্ধারণ করতে বাধ্য হয়েছে।
বুধবার ছিলো টেন্ডার সিডিউল কেনার শেষ দিন। সশস্ত্র সন্ত্রাসীদের পদভারে এদিন সড়ক ও জনপথ ছিলো থমথমে। আইন প্রয়োগকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিও কর্তৃপক্ষের কোন উপকারে আসেনি।
সূত্র মতে বন্যা পরবর্তী জরুরী সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় নির্মিতব্য প্রকল্পের (ঢাকা জোন) জন্য সড়ক ও জনপথ বিভাগ গত ১৭ মে প্রায় ৭০ কোটি টাকার এই টেন্ডার আহবান করে। সিডিউল বিক্রি শুরুর দিন ছিল ২৩ জুন।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউ কোন সিডিউল কিনতে পারেনি কিছু চিহ্নিত সন্ত্রাসীর ভয়ে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, যুবদলের কিছু ঠিকাদার তাদের ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে সড়ক ও জনপথ বিভাগকে জিম্মি করে রেখেছে। তাদের ভয়ে কেউ টেন্ডার সিডিউল কিনতে সাহস করেনি।
সড়ক ও জনপথ বিভাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, বেশ কিছু যুবক উত্তেজিত এবং উদ্যেশ্যমূলকভাবে ঘোরাফেরা করছে। বিপুল সংখ্যক পুলিশ এবং গোয়েন্দার উপস্থিতিও তাদের উপর কোন প্রভাব ফেলতে পারেনি।
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত মূখ্য প্রকৌশলী আদম আলি গাজী এ ব্যাপারে বলেন, টেন্ডার সিডিউল বাতিল করা হয়নি, তারিখ পরিবর্তন ও সময়সীমা ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট এই কর্মকর্তা এক প্রশ্নের জবাবে বলেন, পরিস্থিতি বিবেচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমেই সবকিছূ করা হয়েছে।
তিনি অবশ্য বলেন, কোন সন্ত্রাসী নয়, এখানে আড্ডা দেয় ঠিকাদাররা।
সড়ক ও জনপথ বিভাগের মূখ্য প্রকৌশলী ফয়েজুর রহমান বলেন, “আমরা এ ব্যাপারে কিছু বলতে রাজী নই। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব হয়। তাই কথা বলতে হলে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।”
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মাজহারুল হক বলেন, টেন্ডার সিডিউল বিক্রি উপলক্ষে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কায় তার কাছে পুলিশি সহায়তা চাওয়া হয়েছিল।
