২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তত্ত্বাবধায়ক সরকার বা রাজনৈতিক সংস্কার নয়, আওয়ামী লীগ নেতাদের মানসিক সংস্কার দরকার’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সংসদে আইন করে হরতাল বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তত্ত্ব¡াবধায়ক সরকার, নির্বাচন কমিশন বা রাজনৈতিক সংস্কার মুখ্য বিষয় নয়, আগে দরকার আওয়ামী লীগ নেতাদের মানসিক সংস্কার। তা না হলে কোনো সংস্কারেই কোনো কাজ হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বুধবার জাতীয় সংসদে ২০০৫-০৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি একথা বলেন।

মান্নান ভূঁইয়া বলেন, পৃথিবীর কোথাও হরতাল নেই, শুধু আছে বাংলাদেশে। বিরোধী দল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য ইচ্ছাকৃতভাবেই হরতাল দিচ্ছে। হরতালে আমাদের দেশের সম্পদ ও সময় নষ্ট হচ্ছে। একটা সভ্য যুগে এটা চলতে পারেনা।

বুধবার বেলা ১১টায় স্পিকার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বক্তব্যের সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি বিরোধী দলের সংসদ অধিবেশন বর্জনের সমালোচনা করে বলেন, বিরোধী দল সংসদে উপস্থিত না হয়ে সংসদকে অবমাননা করছে, জনগণকে অবজ্ঞা করছে এবং গণতন্ত্রের প্রতি অবহেলা করছে। সমস্যা থাকলে তারা সংসদে এসে কথা বলতে পারে।

তিনি বিরোধী দলের সংসদে না আসা রোধে আইন সংস্কারের জন্য স্পিকার ও সংসদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা সংসদে না এসেও বেতন-ভাতা সবকিছু নিচ্ছে। এটা হতে পারে না। আইন করে তাদের সংসদে না আসা বন্ধ করতে হবে। শুধু সংসদে আসলেই চলবে না, তাদের সংসদের কার্যক্রমেও অংশ নিতে হবে। স্পিকারের অনুমতি ছাড়া ১০ দিন সংসদে যোগ না দিলে সদস্য পদ বাতিল করে দিতে হবে।

তত্ত্ব¡াবধায়ক সরকার সংস্কার ইস্যু প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও বলেন, তত্ত্ব¡াবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার করা যেতে পারে। কিন্তু সংস্কারের পরও আগামী নির্বাচনে পরাজয়ের পর তারা নির্বাচন মেনে নেবেন, এ নিশ্চয়তা আগে দিতে হবে।

তিনি বিরোধী দলকে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, ‘সংসদে আসুন। দেশে সুষ্ঠু রাজনীতির চর্চা করুন। আসুন, জাতীয় ইস্যুতে ঐকমত্য সৃষ্টি করি। দেশকে এগিয়ে নিতে একে অন্যকে সহযোগিতা করি।’

মন্ত্রী সংসদে না গিয়ে বিরোধী দলের ১৩ দফা সংস্কার প্রস্তাব অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।