এইডস বিষয়ক সপ্তম কংগ্রেস ১-৫ জুলাই জাপানের কোবে শহরে অনুষ্ঠিত হবে
এশিয়া ও প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের এইডস বিষয়ক সপ্তম কংগ্রেস আগামী ১-৫ জুলাই জাপানের কোবে শহরে অনুষ্ঠিত হবে। এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইডসের বিস্তার রোধে করণীয় নির্ধারণ করা হবে।
জাতিসংঘের এইডস বিষয়ক কর্মসূচি’র (ইউএনএইডস) এক সংবাদ বিপ্তপ্তিতে এ কথা বলা হয়েছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইডসের দ্রুত বিস্তার ঘটছে। পূর্ব এশিয়ায় বিশেষত চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিতে এইডস বিস্তার ঘটছে বলে ইউএনএইডস সূত্রে জানা যায়।
এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য বিষয় ‘বিজ্ঞান ও সমাজের মধ্যে সেতুবন্ধন’। কংগ্রেসে বক্তব্য রাখবেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি, জাপানের স্বাস্থ্য মন্ত্রী হিদেহিসা, ইউএনএইডস’র নির্বাহী পরিচালক পিটার পিয়ট, গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবারকিউলসিস এন্ড ম্যালেরিয়া’র নির্বাহী পরিচালক রিচার্ড ফিচ্যাম প্রমুখ।
৬০ টি দেশ থেকে এইডস আক্রান্ত ব্যক্তি, গবেষক, সমাজকর্মী, স্বাস্থ্য কর্মী, সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রায় তিন হাজার প্রতিনিধি কংগ্রেসে অংশ নিবেন।
পাঁচটি মূল বিষয়ের উপর কংগ্রেসের বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হবে। বিষয়সমূহ হচ্ছে বেসিক এন্ড ক্লিনিক্যাল সাইন্সেস, ট্রিটমেন্ট, কেয়ার এন্ড সাপোর্ট, প্রিভেনশন এন্ড এপিডেমিউলজি, কালচার, জেন্ডার এন্ড সেক্সচুয়াল ইস্যু এবং রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষিত।
