বিমানের ১০টি উড়োজাহাজ কেনার অনুমোদন জুলাইয়ে, দেশে পৌঁছবে ২০০৬ সালে
আগামী জুলাই মাসে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১০ টি উড়োজাহাজ কেনার অনুমোদন হতে পারে।
বিমান সূত্র জানায়, ওই অনুমোদনের পর জুলাই মাসেরই শেষের দিকে বিমান কর্তৃপক্ষ বোয়িং ও উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। সমঝোতা চুক্তি স্বাক্ষর হলে ২০০৭ সালের মধ্যে বিমান বহরে ছয়টি এয়ার বাস ও চারটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযুক্ত হবে।
সূত্রটি জানায়, উড়োজাহাজ কেনার সমঝোতা স্মারক স্বাক্ষর হলে ছয়টি এয়ার বাসের চারটি ২০০৬ সাল, বাকী দুটি ২০০৭ সাল, চারটি বোয়িং বিমান ২০০৬ সাল নাগাদ পাওয়া যাবে।
বিমানের বর্তমান ১৪ টি উড়োজাহাজই ১৪ থেকে ২৫ বছরের পুরনো। ছোটখাট যান্ত্রিক ক্রুটির কারণে প্রায়ই বিমানকে ফ্লাইট সিডিউল পরিবর্তন করতে হয়। ফলে যাত্রী ও দর্শনার্থীদের পোহাতে হয় নানা দুর্ভোগ।
বিমানের একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা এ বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, নতুন ওই ১০ টি উড়োজাহাজ বিমান বহরে যোগ হলে সম্ভব হবে ফ্লাইট শিডিউল রক্ষা করা। যাত্রীদেরও আরো উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।
তিনি জানান, ওই ১০ টি উড়োজাহাজ কেনা হলে বিমানের আরো দুটি নতুন রুট চালু করা হবে। এগুলোর হচ্ছে ঢাকা এথেন্স ত্রিপালী এবং ঢাকা জাকার্তা ম্যানিলা।
সমঝোতা স্মারকের প্রস্তাবনায় বলা হয়, ১০টি উড়োজাহাজ কিনতে বিমান ঋণ দেবে ইউরোপের এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) ও ইউএস এক্সিম ব্যাংক থেকে। এয়ারবাস কেনার জন্য বিমানকে ইসিএ ৮৫ ভাগ এবং বোয়িং ৭৭৭ কেনার জন্য এক্রিম ব্যাংক ঋণ দেবে। এয়ারবাসের জন্য ইসিএ বিমানকে ৮ দশমিক ১২৫ শতাংশ এবং বোয়িং এর জন্য এক্সিম ব্যাংক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এক্সিম ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে ১২ বছরের মধ্যে।
১৯৭২ সালে যাত্রা শুরু করে দেশের একমাত্র জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান এখন বিশ্বের তিনটি মহাদেশের ২৪ টি আন্তর্জাতিক গন্তব্যে ও সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।
