ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে এসিডদগ্ধ করে খুনের দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক কিশোরীকে এসিডদগ্ধ করে হত্যার অপরাধে মঙ্গলবার পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খন্দকার ইমদাদুল হাসান।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে-শিপন খাঁ, মতি খাঁ, মোনায়েম খাঁ, সোহেল খাঁ এবং দিদার খাঁ।
মামলার বিবরণে জানা যায়, আখাউড়া উপজেলার তারাগন গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে শিপন খাঁ একই গ্রামের জাহের মিয়ার কন্যা পঞ্চম শ্রেনীর ছাত্রী জুনু বেগমকে (১৪) বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু জাহের মিয়া এই প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০০ সালের ১৩ এপ্রিল মধ্যরাতে আসামীরা এসিড ছুঁড়ে জুনুকে মারাত্মক দগ্ধ করে। আশংকাজনক অবস্থায় জুনুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জুনুর বাবা জাহের মিয়া আখাউড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
