শিক্ষা বোর্ডগুলো থেকে অর্থ দাবি করায় হাইকোর্টের রুল জারি
কম্পিউটার এবং প্রিন্টার ক্রয়ের জন্য বিভিন্ন শিক্ষাবোর্ড থেকে ২০ কোটি ২০ লাখ টাকা দাবি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে হাইকোর্ট রোববার সরকারের ওপর রুল জারি করেছেন।
ঢাকার দোহার থানার জয়পাড়াস্থ বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহিদুল্লাহর দায়েরকৃত রিট পিটিশন শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।
বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল জারি করেন এতে সরকারকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই পিটিশনের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারী তার পিটিশনে উল্লেখ করেন, সরকার ২১ এবং ২২ জুন দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এতে শিক্ষামন্ত্রণালয় সকল শিক্ষাবোর্ডকে ২০ কোটি ২০ লাখ টাকা জমা দিতে বলে।
তিনি আরো উল্লেখ করেন যে শিক্ষামন্ত্রণালয় ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সাত কোটি, যশোর বোর্ড থেকে পাচ কোটি, রাজশাহী বোর্ড থেকে তিন কোটি, কুমিল্লা বোর্ড থেকে দেড় কোটি টাকা, চট্টগ্রাম বোর্ড থেকে ৫০ লাখ, বরিশাল বোর্ড থেকে ৩০ লাখ, মাদ্রাসা বোর্ড থেকে আড়াই কোটি, কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৫০ লাখ টাকা এবং টেক্সট বুক বোর্ড থেকে ৪০ লাখ টাকা দাবি করে।
এডভোকেট এবিএম নুরুল ইসলাম আবেদনকারীর পক্ষে এবং ডেপুটি এটর্নি জেনারেল আদিলুর রহমান খান সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন।
