২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে বিদেশী গেরিলা গ্রুপের সন্ধানে গোয়েন্দা তৎপরতা

মায়ানমার এবং ভারতের দলছুট সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে কিনা গোয়েন্দা সংস্থাগুলো তা খতিয়ে দেখতে শুরু করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, সম্প্রতি পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম নাইক্ষ্যংছড়ি ও থানচিসহ সীমান্তবর্তী এলাকা থেকে ২০ জনেরও বেশী বিদেশী নাগরিক আটকের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই তদন্ত শুরু হয়েছে।

এ লক্ষ্যে গোয়েন্দা সংস্থায় কর্মরত স্থানীয় কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মীদের ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ একটি সংস্থার পক্ষ থেকে অন্য দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে একটি টিম পাঠিয়ে দায়িত্বরত গোয়েন্দা কর্মকর্তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গত ১৭ জুন বান্দরবান পৌর এলাকা সংলগ্ন কালাঘাটা থেকে ছয়জন ভারতীয়সহ নয় জন মণিপুরী আদিবাসীকে আটকের পর গোয়েন্দা সংস্থাগুলো তৎপরতা আরো বাড়িয়েছে।

ওই ঘটনর এক সপ্তাহ আগে গত ১২ জুন নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মায়ানমারের চার জন বিচ্ছিন্নতাবাদীকে আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী সুত্র জানায়, আটক ওই চার জন গেরিলার মধ্যে একজন মেজর এবং একজন লেফটেনেন্ট পদ মর্যাদার গেরিলা রয়েছে।

অন্যদিকে ভারতীয় মণিপুরীদের মধ্যে একজন ওয়ারেন্ট অফিসার ও একজন কর্পোরাল পদ মর্যাদার কর্মকর্তা রয়েছে।

এর আগে থানচি থেকে চার জন, রোয়াংছড়ি থেকে দুজন এবং নাইক্ষ্যংছড়ি থেকে চারজন বিদেশি নাগরিককে আটক করা হয়।

গত ১৭ জানুয়ারি গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে অনেক কিছু অস্বীকার করলেও আটকের পরদিন কোর্ট হাজতে ভারতীয় মণিপুরী নাগরিক খাগেমবা সাংবাদিকদের জানান, তারা মণিপুরের পিপলস লিবারেশন আর্মী (পিএলএএম) এর সাথে যুক্ত রয়েছেন। ভারত সরকার এই সংগঠনকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দল হিসেবে বিবেচনা করলেও খাগেমবা মাতৈ সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো সন্ত্রাসী দলের সাথে যুক্ত নই। পিএলএএম মণিপুরীদের স্বাধীনতার জন্য লড়াই করছে।’

মণিপুরীদের আটকের পরদিন কয়েকটি জাতীয় পত্রিকা ও বার্তা সংস্থার সাংবাদিক তম্প্রু পাড়া খামার বাড়ি পরিদর্শণকালে যে কাগজ পত্র উদ্ধার হয়। তার মধ্যে ইউনাইটেড নেশন লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ) এবং রেভ্যুলেশনারী পিপলস ফ্রন্ট (আরপিএফ) নামে দু’টি সংগঠনের সাথে তাদের নিয়মিত পত্রালাপের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি থেকে আটককৃত চার জনই ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আরাকান (এনইউপিএ) এবং রোয়াংছড়ি উপজেলার বেতছড়া বৈদ্য পাড়া থেকে গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে ডিমোক্রিটিব পার্টি অব আরাকান (ডিপিএ) সংগঠনের সাথে জড়িত রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকার দেশের অভ্যন্তরে কোনো বিদেশী বিচ্ছিন্নতাবাদীকে আশ্রয় দেওয়ার কথা বরাবরই অস্বীকার করে আসছে। তবে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী ভারত, মায়ানমারসহ ভিন্ দেশের কমপক্ষে ১০টি সশস্ত্র গ্রুপ বান্দরবানের সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোয় বেশ কিছুদিন ধরেই তৎপর।

এ বিষয়ে জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে বিডিআর’র এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, ভারত, মায়ানমারসহ ভিন্ দেশের কমপক্ষে ১০টি সশস্ত্র গ্রুপের তৎপরতার তথ্য তাদের কাছে রয়েছে।

তিনি জানান, বিশেষ অভিযান চালিয়ে মাঝে মাঝে তাদের সীমান্তের ওপারে পাঠানো সম্ভব হলেও ভৌগোলিক প্রতিকূলতা এবং সীমান্ত চৌকি কম থাকায় স্থায়ীভাবে তাদের অপতৎপরতা নির্মূল করা যাচ্ছে না।

নিরাপত্তা বাহিনীর ভিন্ন একটি সূত্র জানায়, ভারতের সাথে বান্দরবান পার্বত্য জেলার সরাসরি কোনো সীমান্ত না থাকলেও রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন ভারতীয় সীমান্ত দিয়ে অনায়াসে বান্দরবান অনুপ্রবেশ করা যায়।

অন্যদিকে মায়ানমারের সাথে বাংলাদেশে ১৭৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৫৮ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে কেবলমাত্র বান্দরবান পার্বত্য জেলার সাথে।

জানা যায়, গভীর অরণ্য বেষ্টিত পাহাড়ি এই বিস্তীর্ণ সীমান্তে বিডিআর’র সীমান্ত চৌকি রয়েছে মাত্র তিনটি। ফলে সীমান্তের ওপর সার্বক্ষণিক নজরদারি ব্যহত হচ্ছে।

এসবেরই সুযোগ নিচ্ছে বিভিন্ন দেশের সশস্ত্র গ্রুপ।

স্থানীয় একটি গোয়েন্দা সুত্র জানায়, নৃ-তাত্বিক, ভাষা এবং চেহারার দিক থেকে মিল থাকায় মায়ানমারের রাখাইন, ভারতের মিজো, লুসাই, মণিপুরীসহ বেশ কিছু বিদেশী নাগরিক স্থানীয় আদিবাসী পাহাড়িদের সাথে মিশে যাওয়ার সুযোগ পাচ্ছে।

ফলে গোপন সুত্রে খবর পেলেও নিশ্চিত না হওয়া ছাড়া তাদেরকে চ্যালেঞ্জ করা যাচ্ছেনা।

সূত্র জানায়, সরকারের সুস্পষ্ট নির্দেশনা পাওয়ার পর বর্তমানে নতুন কৌশল নিয়ে বিদেশী নাগরিকদের আটক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হবে।