আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দেশের উন্নয়নের পূর্বশর্ত : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটি দেশের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে সে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন।
মন্ত্রী শুক্রবার সকালে এক কোটি টাকা ব্যয়ে নব নির্মিত মোহনগঞ্জ থানা ও ব্যারাক ভবন উদ্ভোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি বলেন, আমরা নির্বাচনের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে দেশ থেকে সন্ত্রাস দূর করব। আমরা ইতোমধ্যে দেশ থেকে সন্ত্রাস দূর করে জনগণকে স্বস্তি দিতে পেরেছি।
নেত্রকোণা পুলিশ সুপার আবু নাসের মোহাম্মদ খালেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের আইজি আব্দুল কাইয়ুম, ডিআইজি এম সাদেকুর রহমান, আলহাজ্ব আবু আব্বাছ এমপি, আলহাজ্ব্ ডাঃ মোহাম্মদ আলী এমপি ও জেলা প্রশাসক হোসাইন জামিল।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে পুলিশ বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ইতেমধ্যে পুলিশের আবসন প্রকল্পের জন্য ৩০০ কোটি টাকা, ৩০টি জেলায় ট্রেনিং ইনষ্টিটিউট ও হাইওয়ে পুলিশ বিভাগ চালু করা হয়েছে। পুলিশের বহুদিনের পুরাতন অস্ত্র বাদ দিয়ে নতুন নতুন অস্ত্র এবং বিপুল পরিমাণ যানবাহন দেওয়া হয়েছে।
তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী পরে মদন উপজেলার ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ফতেপুর, তিয়শ্রী ও মদন এলাকা পরিদর্শণ করেন।
