নীলফামারীতে সাংবাদিকদের মধ্যে বিরোধ চরমে, সুযোগ নিচ্ছে অবৈধ কারবারীরা
নীলফামারীতে সাংবাদিকদের মধ্যে বিরোধ এখন চরমে। এ বিরোধের সুযোগ নিচ্ছে অবৈধ কারবারীরা। সাংবাদিকদের বিরোধের কারণে গত দুই দিনের ব্যবধানে পৃথক দ‘ুটি ঘটনায় পাঁচজন সাংবাদিক এখন জেল হাজতে। জেলায় সাংবাদিকতা পেশা ক্রমেই হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ।
ঘটনা দুটি ঘটেছে জেলার ডোমার ও ডিমলা উপজেলায়। প্রথম ঘটনায় সীমান্তবর্তী একটি চক্রের ষড়যন্ত্রে জেলে গেছে এক সাংবাদিক, এর দুই দিন পর অর্থাৎ বুধবার সংঘবদ্ধ বেআইনী ঔষধ ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে খবর সংগ্রহ করার কারণে ওই চক্রের হাতে প্রহৃত হয় নীলফামারীর চার সাংবাদিক সাপ্তাহিক সুগন্ধা ও দৈনিক দেশের চিঠির ম.ক. মিলটন, দৈনিক নীলকথার রিপন, দৈনিক আল আমীনের জেলা প্রতিনিধি জি. এম রিবু এবং সাপ্তাহিক রতনা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিপংকর ঘোষ। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
সূত্র জানায়, ডিমলা উপজেলার খগার হাটে ড্রাগ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধ ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করার অভিযোগ পেয়ে নীলফামারীর ওই সাংবাদিকরা কিছুদিন আগে নিজ নিজ পত্রিকায় ড্রাগ লাইসেন্সবিহীন অবৈধ ঔষধ ব্যবসার ওপর সরেজমিন রিপোর্ট করে।
মঙ্গলবার ওই চার সাংবাদিক ওই রিপোর্টের ফলোআপ নিউজের জন্য সংবাদ সংগ্রহ করতে গেলে সংঘবদ্ধ অবৈধ ঔষধ ব্যবসায়ী চক্রটি দলবল নিয়ে তাদেরকে আটকে ফেলে বেদম মারপিট করে। পরে চক্রটি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সাজানো অভিযোগ এনে পুলিশে সোপর্দ করে।
পুলিশ তাদের কথা মত কালবিলম্ব না করে ডিমলা থানায় চাঁদাবাজি মামলা (নং১৬ তাং২১-০৬-০৫) রেকর্ড করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
মামলায় উল্লেখ করা হয়, ঔষধের দোকানে ওই চার সাংবাদিক ভয়ভীতি দেখিয়ে ৫শ‘ টাকা চাঁদা আদায় করেছে। কিন্তু ঘটনাস্থলেই আটক চার সাংবাদিকের কাছ থেকে পুলিশ চাঁদা নেওয়া ওই টাকা উদ্ধার করতে পারেনি।
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর ব্যাপারেও সাংবাদিকদেরই একটি অংশ নেপথ্যে মদদ যোগাচ্ছে।
উল্লেখ্য, গত মাসে সাংবাদিকদের মধ্যকার বিরোধের কারণে নীলফামারীর দ্বিধা বিভক্ত দুই প্রেসক্লাবের একাংশের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়। সাংবাদিকদের বিরোধের কারণে স্থানীয় পত্রিকাগুলোতে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে লাগামহীন সংবাদ পরিবেশন করছে। এতে নীলফামারীতে সাংবাদিকতার ইমেজ বিপন্ন হয়ে পড়েছে।
সাম্প্রতিককালে এক পত্রিকা সম্পাদক আরেক পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে খবর পরিবেশন নিয়েও দু‘পক্ষই মামলা করার জন্য দৌড়-ঝাপ শুরু করেছে বলে জানা যায়।
