সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীকে ঘুষ দেয়ার কথা অস্বীকার করেছে নাইকো
কানাডাভিত্তিক তেলগ্যাস অনুসন্ধান কোম্পানি নাইকোর প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীকে ঘুষ হিসেবে গাড়ি দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
নাইকোর প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান এডওয়ার্ড স্যাম্পসন বলেছেন, গাড়িটি জয়েন্ট ভেঞ্চার চুক্তি অনুযায়ী তাদের অংশীদার বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্সকে দেয়া হয়।
সোমবার সংবাদ সংস্থা কানাডিয়ান প্রেস (সিপি) কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, টয়োটা সিগনাস গাড়িটির সমস্ত কাগজপত্র বাপেক্সের নামে, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর নামে নয়। তিনি আরো বলেন, আমরা গাড়িটি বাপেক্সেকেই দিয়েছি এবং এর পর তা কোথায় যাবে তা আমাদের নিয়ন্ত্রণাধীন কোনো বিষয় নয়।
তিনি বলেন, আমরা সরকারের সাথে করা যৌথ পরিচালনা চুক্তির সবকিছুই যথাযথভাবে মেনে চলেছি এবং মেনে চলছি।
দক্ষিন এশিয়ায় কার্যক্রম পরিচালনাকারী ক্যালগ্যারি ভিত্তিক কোম্পানিটি মনে করে, মোশাররফ নাইকোর কাছ থেকে গাড়িটি নিয়েছেন, মিডিয়ার এমন রিপোর্টের কারনে তারা একটি অপ্রত্যাশিত স্ক্যান্ডালে জড়িয়ে পড়েছে।
গাড়ি সংক্রান্ত বিতর্কের পর শনিবার জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ পদত্যাগ করেন। তবে তিনি নাইকোর সাথে কোনো রকম অবৈধ লেনদেনে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, এটি একটি গল্প এবং মিডিয়ায় যা বলা হয়েছে তা একটি ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, আমি স্বার্থান্বেষী একটি মহলের ষড়যন্ত্রের শিকার।
সরকারি তেল, গ্যাস কর্পোরেশন পেট্রোবাংলার কাছ থেকে গাড়িটি নিয়েছিলেন বলে পদত্যাগপত্র গৃহিত হওয়ার পর সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী রোববার গাড়িটি পেট্রোবাংলার কাছেই ফেরত দিয়েছেন।
গাড়ি নিয়ে বিতর্ক ছাড়াও এ বছরের জানুয়রি মাসে ছাতক গ্যাস ফিল্ডে একটি অগ্নিকান্ডের ঘটনার জন্য নাইকোকে অভিযুক্ত করা হয়। ওই অগ্নিকাণ্ডে ২৫ মিলিয়ন মার্কিন ডলার সমমুল্যের প্রায় ১০ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস পুড়ে যায়।
সরকারের একটি তদন্ত কমিটি এ দুর্ঘটনার জন্য নাইকোকে দায়ী করে তাদের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায়ের জন্য সরকারকে পরামর্শ দেয়।
এপ্রিল মাসে নাইকো তার শেয়ার হোল্ডারদের জানায় ছাতক-২ গ্যাসফিল্ডে দুর্ঘটনার ক্ষয় ক্ষতির বেশির ভাগটাই ইন্সুরেন্সের আওতায় পড়ে।
স্যাম্পসন বলেছেন, মোশাররফের পদত্যাগ তাদের কোম্পানির কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না । তিনি বলেন, ‘এ ঘটনা কোনভাবেই নাইকোর উপর কোন প্রভাব ফেলবে না এবং নাইকোর দৃষ্টিভঙ্গিরও কোন পরিবর্তন হবে না।’
