নারায়নগঞ্জে র্যাবের ক্রসফায়ারে ২ জন নিহত, পরিবারের দাবি নিহতরা সন্ত্রাসী ছিল না
নারায়নগঞ্জের হাজীগঞ্জ ঈশাখা কিল্লারপুল এলাকায় মঙ্গলবার ভোরে র্যাবের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়কালে ক্রসফায়ারে দুজন তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে।
র্যাব সূত্র জানায়, সোমবার রাত ১০টার সময় ফায়েজ মোহম্মদ রিফাত ওরফে বিপ্লব (৩৫) এবং তার বড় ভাই শামীমকে তাদের বন্দর এলাকার বাসা থেকে এবং আলমগীর হোসেইন আলম (৩৪)কে তার মিশনপাড়ার বাসা থেকে গ্রেফতার করা হয়। শামীম এখনও র্যাবের হেফাজতে রয়েছে বলে জানা যায়।
সূত্র জানায়, র্যাব-৩ এর সদস্যরা গ্রেফতারকৃত বিপ্লব এবং আলমের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি এসএমজিসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, ১৫০ রাউন্ড গুলি, একটি নাইন এমএম ম্যাগাজিন, বিপুল পরিমাণ অবৈধ মদ এবং তিনটি বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করেছে।
র্যাব সূত্র জানায়, র্যাব সদস্যরা শামীমকে নিয়ে গুদারাঘাট এবং বিপ্লব ও আলমকে নিয়ে হাজীগঞ্জ দূর্গ এলাকায় অভিযানে বের হয়। পৌনে চারটার দিকে তারা ওই এলাকায় পৌঁছলে তার সহকর্মীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে গেলে বিপ্লব ও আলম গুলিবিদ্ধ হয়ে মাঠে পড়ে থাকে।
সূত্র আরও জানায়, নিহত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবৈধ মাদক ও আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগ থাকলেও থানায় কোনও মামলা নেই।
এদিকে, ক্রসফায়ারে নিহতরা সন্ত্রাসী ছিল না বলে দাবি করেছে নিহতদের পরিবার। বিপ্লবের বাবা জানায়, বিপ্লব গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাটি সাজানো।
নিহতদের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
