ডিসিসিতে বেতন ছাড়াই এক কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ!
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) পদে সদ্য অবসর প্রস্তুতিকালীণ ছুটিতে যাওয়া সাখাওয়াতউল্লাহকে এক বছরের জন্য একই পদে বিনা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে।
ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকাও এই অদ্ভুত নিয়োগ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, এখন ওই নিয়োগ সংক্রান্ত ফাইলটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।
সূত্র জানায়, বিনা বেতনে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে ডিসিসি’র রাজস্ব বিভাগে কতিপয় কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের একজন শ্রমিক নেতা এখন অতি উৎসাহী।
মেয়র সাদেক হোসেন খোকার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে বিডিনিউজ’র কাছে তিনি স্বীকার করে বলেন, ডিসিসির প্রয়োজনেই সাখাওয়াতউল্লাহর মতো একজন দক্ষ লোককে দরকার। তাই তাকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে মেয়র খোকা অবৈতনিক নিয়োগের ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে অধ্বস্তন কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে পদ পূরণ না করে সিআরও’কে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্তে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একই সাথে দীর্ঘদিন সিআরও পদে চাকরী করে আসা একই কর্মকর্তাকে আবার বিনা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েও ডিসিসিতে দেখা দিয়েছে প্রশ্ন।
ডিসিসির সূত্র জানায়, চলতি অর্থবছরে ডিসিসির রাজস্ব আদায় ও তা সংশ্লিষ্ট হিসাবে জমা দেওয়ার ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়। বিষয়টি এখন উপ প্রধান রাজস্ব কর্মকর্তা (ডিসিআরও) ময়নাল হক এবং শহিদুল্লাহ কালু তদন্ত করছেন।
