২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী সেতু উদ্বোধনের অপেক্ষায়

পটুয়াখালী সেতু উদ্বোধনের অপেক্ষায় প্রায় শতভাগ প্রস্তুত হয়ে আছে। এ মাসের যেকোনও দিন মাননীয় প্রধানমন্ত্রী সেতুটির শুভ উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 12:29 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সূত্র জানায়, পটুয়াখালী জেলা শহর সংলগ্ন লাউকাঠী নদীর ওপর নির্মিত পটুয়াখালী সেতু ২ লেনে ১০ টি স্প্যান বিশিষ্ট ও ৪৮৫ দশমিক ২০ মিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রস্থ।

পটুয়াখালী সেতু উদ্বোধন হলে পটুয়াখালী ও বরগুনা জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগে প্রায় ৪৫ মিনিট সময় কম লাগবে। একইসাথে সমুদ্র সৈকত কুয়াকাটার সাথে সড়ক যোগাযোগেও উন্নয়ন সাধিত হবে।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে লাউকাঠী নদীর ওপর ৩১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী সেতু নির্মিত হয়েছে বলে জানা যায়।

এদিকে, ১৬ জুন বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্জ আলতাফ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী জেলার দায়িত্বপ্রাপ্ত পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পরীক্ষামূলকভাবে গাড়ি চালিয়ে সেতুটি পার হন।

উল্লেখ্য, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে পটুয়াখালী সেতুর ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন। ১৯৯৯ সনের এপ্রিল মাসে ২০ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়। পরবর্তীতে সংশোধিত প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয় ৩১ কোটি ৬৬ লাখ টাকা।