সংসদে বাজেট নিয়ে আলোচনায় অর্থমন্ত্রীর অনুপস্থিতির সমালোচনা করলেন সাংসদরা
জাতীয় সংসদে ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় সোমবার সদস্যদের তোপের মুখে পড়লেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। সদস্যরা বাজেট আলোচনার সময় সংসদে অর্থমন্ত্রীর অনুপস্থিতির তীব্র সমালোচনা করেন।
বিকেলে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপনের পর শুরু হয় বাজেট আলোচনা। বাজেট আলোচনায় বিএনপি’র পাঁচজন, জাতীয় পার্টির তিনজন এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের একজন করে সদস্য অংশ নেন।
আলোচনায় অংশগ্রহণকারি সদস্যরা হচ্ছেন, বিএনপির মঞ্জুর কাদের, এসএ সুলতান টিটু, দিলদার হোসেন সেলিম, আবু লেইছ মোহাম্মদ মুবিন চৌধুরী এবং নূরুল ইসলাম মনি, জাতীয় পার্টির টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, গোলাম হাবিব দুলাল এবং শাহ মোহাম্মদ সোলায়মান আলম, জামায়াতে ইসলামীর ফরিদউদ্দিন চৌধুরী এবং ইসলামী ঐক্যজোটের মুফতি মোহাম্মদ ওয়াক্কাস।
আলোচনার শুরুতেই বিএনপির মঞ্জুর কাদের বাজেট আলোচনার সময় সংসদে উপস্থিত না থাকায় অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।
তিনি মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের বক্তব্যের সমালোচনা করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে। তারা কোন ধরনের গণতন্ত্র নিয়ে ভিয়েতনামের সাথে যুদ্ধ করেছে? কোন কারণে চীন, পাকিস্তান এবং মায়ানমারের সাথে সম্পর্ক স্থাপন করেছেন।
পরে অর্থমন্ত্রীর সমালোচনায় তার সাথে যোগ দেন জাতীয় পার্টির টিআইএম ফজলে রাব্বী চৌধুরী।
তিনি তার এলাকার যথাযথ উন্নয়ন এবং উত্তরাঞ্চলের মঙ্গা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বরাদ্দ না রাখায় সরকারের সমালোচনা করে বলেন, বাজেটে থোক বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু মঙ্গা কবলিত এলাকার জন্যে বিশেষ কোনো বরাদ্দ রাখা হয়নি। ফলে থোক বরাদ্দের টাকা নিয়ে মঙ্গা মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হবে কিনা, তাও প্রশ্নের সৃষ্টি করেছে।
বিএনপির আবু লেইছ মুবিন চৌধুরী বাজেটে বিধবা ও দুস্থ ভাতা বৃদ্ধির দাবি করে বলেন, বর্তমান সময়ে ১৮০ টাকা কেন ২০০ টাকাতেও একজন মানুষের খাওয়া হয়না। তাই এ ভাতা কমপক্ষে ৩০০ টাকা নির্ধারণ করা দরকার।
গোলাম হাবিব দুলাল সরকার ও বিরোধী দলকে সমঝোতার মাধ্যমে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই জাতীয় পার্টির দ্বারা সুবিধাভোগী। আওয়ামী লীগ সরকার গঠনে জাতীয় পার্টির সমর্থন নিয়েছে। আর বিএনপির ক্ষমতায় আসার জন্যে জোট গঠনে এরশাদের অবদান ছিল সবচেয়ে বেশি।
