২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় র‌্যাব-পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী ’স্যুটার জামাল’ নিহত

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ব্রীজের কাছে সোমবার ভোর ৪টার দিকে র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় চরমপন্থী ক্যাডার স্যুটার জামাল নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 08:56 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সেসময় অভিযানের নেতৃত্বদানকারী কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদ এবং অপর এক পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, রবিবার সকালে র‌্যাব ঢাকার রামপুরা এলাকা থেকে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের নেতা স্যুটার জামালকে (৩৬) গ্রেফতার করে কুষ্টিয়া নিয়ে আসে।

জামাল পুলিশের কাছে তার অস্ত্র ভান্ডার ও বাহিনীর অবস্থান সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই র‌্যাব ও পুলিশ অভিযানে নামে।

পুলিশ-র‌্যাব রাত ৩টার দিকে সদর উপজেলার পান্থপাড়া গ্রামের এক পান ব্যবসায়ীর বাড়ির মাটি খুড়ে ২টি বিদেশী বন্দুক উদ্ধার করে এবং পান ব্যবসায়ী জিয়ারতকে গ্রেফতার করে।

পরে তাকে সঙ্গে নিয়ে জামালের বাহিনীর ক্যাডারদের গ্রেফতার করার জন্য রওনা হয়।

রাত ৪টার দিকে উজানগ্রাম ব্রীজের কাছে পৌঁছালে চরমপন্থীরা র‌্যাব ও পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও তাদেরকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে। দু‘পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। সেসময় র‌্যাব-পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই মারা যায় জামাল।

পুলিশ জানায়, জামালের বিরুদ্ধে পুলিশের এসআই ইলিয়াস হত্যা ও এইট মার্ডার মামলাসহ ৭টি মামলা রয়েছে।