বরিশালে পলাতক সন্ত্রাসীরা আবার ফিরতে শুরু করেছে
র্যাবের ভয়ে দীর্ঘ আট মাস পালিয়ে থাকার পর বরিশালের সন্ত্রাসীরা আবার ফিরে আসতে শুরু করেছে। সন্ত্রাসীদের আনাগোনা দেখে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত। তবে র্যাব সূত্র জানিয়েছে, তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব ২০০৪ সালের অক্টোবর থেকে বরিশালে সন্ত্রাস দমন কার্যক্রম শুরু করে। অভিযান শুরুর পর ১০ অক্টোবর ১৪ নং ওয়ার্ড কমিশনার ও মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ৩১ অক্টোবর উজিরপুরের চরমপন্থি নেতা রেজাউল করিম ফকু, ১৩ ডিসেম্বর বানারীপাড়ায় চরমপন্থি নেতা মোয়াজ্জেম হোসেন রিপন, গৌরনদীতে হাসান এবং ৫ মে বাবুগঞ্জে চরমপন্থি নেতা জালাল ব্যাপারী র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।
এই পাঁচজন নিহত হওয়ার পর বরিশালের সন্ত্রাসী ও তাদের গডফাদারদের মাঝে মৃত্যুভয় ছড়িয়ে পড়ে। তারা বরিশাল ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয়।
পলাতক সন্ত্রসীদের মধ্যে রয়েছে হত্যাসহ প্রায় ২৫টি মামলার আসামি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি মশিউল আলম সেন্টু, মহানগর যুবদল যুগ্ম সম্পাদক বিশিষ্ট অস্ত্র ব্যবসায়ী আকবর ওরফে আকবর শেট, ওয়ার্ড কমিশনার গোলাম মর্তুজা, জয়নাল আবেদীন, জিয়া, আউয়াল, গুলজারসহ বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা।
অপরদিকে জোট সরকার ক্ষমতা গ্রহণের আগেই আওয়ামী লীগের শীর্ষ ক্যাডাররা বরিশাল ছাড়ে। সূত্র মতে, র্যাব আভিযান চালিয়ে অস্ত্র ব্যাবসায়ী ওমর, সাতটি হত্যামামলার আসামি চরমপন্থি নেতা মোশারেফ, সুহাদ, সিরাজকে গ্রেফতার করে। এ সময় র্যাব তাদের কাছ থেকে ২৩ টি আগ্নেয়াস্ত্র, ১২ টি ধারালো অস্ত্র, ৯৮ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করে।
সম্প্রতি র্যাবের কার্যক্রমে ভাটা পড়ায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে কিংবা গোপনে আনাগোনা শুরু করেছে। নগরীর পুরাতন পাড়ার বাসিন্দারা জানিয়েছে, কয়েক দিন ধরে অস্ত্রধারী কতিপয় সন্ত্রাসী বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক হয়ে বরিশাল শহরে আসছে এবং প্রতিনিয়ত মহড়া দিচ্ছে।
ওইসব মহড়ায় সেন্টুকেও দেখা গেছে। তাছাড়া আকবর প্রায়ই অস্ত্র ও মাদক দ্রব্য বিক্রির ভাগ নিতে বরিশালে আসে বলে সূত্র জানিয়েছে।
