দেশে হিট স্ট্রোক ও বিভিন্ন দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
দেশের বিভিন্ন স্থানে হিটস্ট্রোক, বজ্রপাত, পানিতে ডুবে, বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি ঘটেছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলা সদরে শনিবার হিটস্ট্রোকে কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের সহেরন বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা ও উলিপুর উপজেলার খামার তবাকপুর গ্রামে লাইজু (২৫) নামে এক যুবতী মারা গেছে।
শেরপুর প্রতিনিধি জানান, নানীর বাড়িতে খালার বিয়ে খেতে এসে জেলার নলিতাবাড়ির ভোগাই নদীতে গোসল করতে গিয়ে শনিবার ফারহানা আকতার বিথি (১০) নামে এক কিশোরী মারা যায়।
অপর এক ঘটনায় জেলার সদর উপজেলার মোবারকপুর কইন্যাপাড়া গ্রামে শুক্রবার সকাল ১১টার দিকে বিদ্যুতের তারে জড়িয়ে মুকছেদ আলীর (৪৫) মৃত্যু ঘটে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার নগরপুর উপজেলার গয়হাটা গ্রামের মিন্নত কাজী (৩৫) ও কোদালিয়া গ্রামের মাসুদ (২৫) শুক্রবার বিকেলে বজ্রপাতে মারা যায়।
গাজীপুর প্রতিনিধি জানান, ছেলের বাসায় বেড়াতে এসে শনিবার জেলা সদরের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় রাশেদ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়।
