২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের শক্তি প্রতিষ্ঠিত হবেই: ড. কামাল

বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন মনে করেন, সরকারের যেকোনও ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের শক্তি প্রতিষ্ঠিত হবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেলিম সামাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

নিউইর্কের উদ্দেশ্যে অটোয়া ত্যাগের প্রাক্কালে বৃহস্পতিবার ম্যারিয়ট হোটেলে বসে কানাডার একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার অত্যাবশ্যক।

জনপ্রিয় টিভি সিরিজ ‘আইন আদালত’র উপস্থাপক রেজাউর রহমানকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করা জরুরি হয়ে পড়ে।

ড. কামাল বলেন, সেসময় আর যাতে এ ধরণের নির্বাচন না হয় সেজন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি সাংবিধানিক দাবিতে রূপ নেয়।

তিনি বলেন, ১৯৯৬ সালের দু’টি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর উচিত গণতান্ত্রিক আচরণ করা।

বিরোধী দল কেন তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি জানিয়েছে সে ব্যাপারে ড. কামাল বলেন, সকল রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা উচিত।

সর্বশেষ অবসর গ্রহণকারী প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন যিনি তার প্রসঙ্গে ড. কামাল বলেন, আগের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তিনি পক্ষপাতদুষ্ট হতে পারেন। তাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে তার কাছ থেকে গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না বলে তিনি উল্লেখ করেন।

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচনে ড. কামাল বলেন, বাংলাদেশের জনগণ মিলে দেশের নিরপেক্ষ ও সৎ মানুষদের একটি তালিকা তৈরি করতে পারে। এক্ষেত্রে তিনি সরকার কেন সৎ লোকদের তালিকা প্রস্তুত করছে তা জানতে চান।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কিত প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন অনুষ্ঠান করা ঠিক হবে না। কেননা তাতে রাজনৈতিক সংকট আরও বাড়বে। আমরা চাই না লেবাননের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থা লেবাননের মতো অত খারাপ না বলেও তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক সংকট একটি জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে বলে উল্লেখ করেন তিনি।