টইটুম্বুর পরিবেশ মেলা ’০৫ পালিত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শিশু কিশোর মাসিক পত্রিকা টইটুম্বুরের উদ্যোগে ‘টইটুম্বুর পরিবশে মেলা ২০০৫’ শনিবার বাংলাদেশ শিশু একাডেমি চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও দেশের প্রখ্যাত পরিবেশবাদী অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ মেলার উদ্বোধন করেন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক শ’ শিশু কিশোর এ মেলায় অংশ নেয়।
টইটুম্বুরের উপদেষ্টা এম জামিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন, অধ্যাপক মনসুর মুসা, টইটুম্বুরের সম্পাদক সেলিমা সাবিহ, প্রকাশক মেজবাহউদ্দিন জঙ্গি এবং বিডিনিউজের বার্তা সম্পাদক এনামুল হক চৌধুরী।
আলোচনা সভায় অধ্যাপক সায়ীদ বলেন, পরিবেশ ও প্রকৃতিকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে পৃথিবীকে বাঁচানো যাবে না। কাজেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করতে হবে, আর এ কাজে আজকের শিশুরাই হতে পারে প্রধান চালিকা শক্তি।
অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, হাতের লেখা প্রতিযোগিতা, ভিডিও চিত্র প্রদর্শন, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে পরিবেশ বিষয়ক প্রবন্ধ গ্রন্থ ‘আমাদের এই বসুন্ধরা’র মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
