২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরে বিমানের যাত্রী বেড়েছে, লাভ হবে কবে?

গত পাঁচ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ও কার্গো পরিবহন বেড়েছে। তবে বিমানের লোকসানের মাত্রা এতই বেশী যে সংস্থাটি কবে নাগাদ লাভের মুখ দেখবে, তা কেউই এখনও জানে না।

নিজস্ব প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বিমান সূত্র জানায়, ১৯৯৯-২০০০ সালে বিমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে মোট ১২ লাখ ৮১ হাজার ৬৯০ জন যাত্রী পরিবহন করে। একই সময় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানের কার্গো পরিবহনের পরিমান ছিলো ৩৬ হাজার ৪৪৪ টন।

এরপর পঞ্চম অর্থ বছরে ২০০৩-০৪ বিমান যাত্রী পরিবহন করে ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন। একই সময় বিমান কার্গো পরিবহন করে ৩৮ হাজার ১৬৭ টন।

জানা যায়, তবে পাঁচটি অর্থ বছরে লোকসান কমে আসলেও নানা অনিয়ম কারণে মাথাভারি এই প্রশাসনটি এখনও লাভের মুখ দেখেনি।

১৯৯৯-২০০০ সালে বিমানের লোকসান ছিলো ৯ কোটি ৫১ হাজার টাকা। ২০০৩-২০০৪ অর্থ বছরে বিমানের লোকসান হয় ১৮ কোটি ৫৬ লাখ টাকা (প্রাক্কলিত)। অবশ্য এই লোকসান এর আগের বছরের তুলনায় অনেক কম (৪৪ কোটি ২৮ লাখ টাকা)।

বিমান কর্তৃপক্ষ জানায়, আর্থিক অবস্থার উন্নয়নের জন্য বিমান গত তিন বছরে গ্রহণ করেছে বিভিন্ন খাতে ব্যয় হ্রাস করার কর্মসূচি। এরই মধ্যে যে ১৭টি সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে বিদেশী হোটেল, উড়োজাহাজ লিজ, রক্ষণাবেক্ষণ (ডি চেক) এবং বীমা পুনঃনবায়ন ব্যয় হ্রাস, নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ্ব ফ্লাইট পরিচালনা ইত্যাদি অন্যতম। এছাড়া নতুন করে সংস্কারের জন্য চিহিৃত করা হয়েছে আরো ১৮টি খাত।

জানা যায়, তবে লোকসানী এই প্রতিষ্ঠান এরইমধ্যে নিয়েছে আরো ১০টি নতুন উড়োজাহাজ সংগ্রহের এক উচ্চভিলাষী পরিকল্পনা। গত ২২ মার্চ বিমান পরিচালনা পর্ষদের এক সভায় আরো ১০টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭ বা এয়ারবাস ৩০০ সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্বের তিনটি মহাদেশের ২৬টি দেশে ও দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। বিমানের উড়োজাহাজ বহরে এখন ছয়টি ডিসি ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ ২৮ রয়েছে।