পঞ্চগড়ে “মিড নাইট ল” চালু, অবহিত না থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার
বৃহস্পতিবার রাত থেকে পঞ্চগড়ে ‘মিড নাইট ল’ চালু হয়েছে। এ আইনের ফলে রাত বারোটার পর শহরে কাউকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশ কোন কারণ ছাড়াই তাদের আটক করতে পারবে।
পঞ্চগড় জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বুধবার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এই আইন চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত নেওয়ার একদিন পর বৃহস্পতিবার রাত থেকে এ আইন কার্যকর হলেও এ বিষয়ে যথাযথ প্রচারণা না থাকায় সাধারণ মানুষ আইনটি প্রয়োগ সম্পর্কে অবহিত ছিল না। ফলে অনেককে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। এ আইন চালুর বিষয়টি জানা না থাকায় বৃহস্পতিবার রাতে শহরে অনেক যুবক ও লোকজনকে চলাফেরা করতে দেখা গেছে।
পুলিশ পরিচিতদের কিছু না বললেও অপরিচিত দোকানদার, ব্যবসায়ী, ঢাকা থেকে আগত যাত্রী ও বাড়ি ফেরত লোকজনদের হয়রানি এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসক মোঃ আজাহার আলী এই আইনের কথা স্বীকার করে বলেন, যৌক্তিক কারণ ছাড়াই কেউ কেউ রাতে অযথা শহরে ঘোরাফেরা করে। শহরের আইন শৃংখলা রক্ষার স্বার্থে এ আইন চালু করা হয়েছে।
এ জেলায় গত কয়েকদিনে বাস ডাকাতি, দিনে দুপুরে বিএনপি নেতার জামাতার বাসায় চুরি, ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
