প্রস্তাবিত বাজেটকে ‘অবাস্তব’ বলে আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদ এমএম আকাশ
প্রস্তাবিত বাজেটকে ‘অবাস্তব’ বলে আখ্যা দিয়ে বৃহস্পতিবার অর্থনীতিবিদ ড. মাহবুবুল মোকাদ্দেম আকাশ বলেছেন, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে এটি আত্মঘাতী হিসেবে আবির্ভূত হতে পারে।
অধ্যাপক ড. আকাশ বলেন, এটি খুবই উচ্চাকাঙ্খী ও অবাস্তব বাজেট। এ বাজেট দাতাদের চাপিয়ে দেয়া পিআরএসপি ভিত্তিক বলেও তিনি উল্লেখ করেন।
প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন সংস্থাগুলো অসংখ্য ও অস্বচ্ছ হওয়ায় বরাদ্দকৃত অর্থের বেশির ভাগই অপচয় হবে এবং মূল্যস্ফীতি আরও হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ২০০৫-২০০৬ অর্থবছরের বাজেটে দরিদ্রদের টার্গেট করে কিছু প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো অদক্ষ ও দুর্নীতিপরায়ন।
ড. আকাশ বলেন, অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার জন্য পুনরায় সুযোগ না দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা থেকে তিনি সরে এসেছেন।
অভিজ্ঞ অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকার বিপক্ষে জোরালো বক্তব্য রাখলেও কালো টাকার মালিকদের টাকা সাদা করার জন্য এক বছর সময় দিয়েছেন।
তিনি বলেন, কালো টাকার মালিকরা এতই শক্তিশালী যে তারা সরকারকে তার সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষেত্রেও প্রভাবিত করছে। এছাড়া নামমাত্র কর আদায়ের জন্য এই সুযোগের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
