অবশেষে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে বিদিশাকে
চুরি, জালিয়াতি, আত্মসাৎ এবং হত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত বিদিশাকে অবশেষে বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।
এর আগে বিকালে দুটি আদালতে তার দুটি জামিনের আবেদন প্রত্যাখান করা হয় এবং চিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশে হাসপাতালে ভর্তির আদেশ দেওয়া হয়।
অন্যদিকে, এই মামলার সঙ্গে জড়িত এবং পরে গ্রেপ্তার করা বিদিশার বাসার কাজের মেয়ে জেসমিন সাংমাকে গুলশান পুলিশ দুই দিনের রিআণ্ডে নিয়েছে।
এছাড়াও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃপক্ষ সাবেক রাষ্ট্রপতি এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার নামে ১৯৫২ সালের পাসপোর্ট আইন অনুযায়ী মোহাম্মদপুর থানায় অপর একটি মামলা দায়ের করেছে।
তিন দিনের পুলিশ রিমাণ্ড শেষে গুলশান পুলিশ দুপুর ৩ টা ৫ মিনিটে বিদিশাকে মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের সামনে হাজির করা হয়।
পরে একটির বেশি পাসপোর্ট রাখার অভিযোগে তাকে মোহাম্মপুর থানা পুলিশ জগন্নাথ দাস খোকনের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।
উভয় আদালতই শুনানি ছাড়া এই আদেশ দেয়।
এছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হাজির না করেই জেসমিনকে পুলিশ রিমাণ্ডে নেওয়ার অনুমতি দেয়।
আদালতের আদেশ অনুযায়ী ম্যাজিস্ট্রেটরা পুলিশকে হাইকোর্টের নির্দেশ মোতাবেক বিদিশার চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আদেশ দেয়।
মঙ্গলবার হাইকোর্ট সরকারকে জরুরি ভিত্তিতে বিদিশার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তির আদেশ দেয়।
তবে, বিদিশাকে প্রথমে আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার বিদিশাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং ওকালতনামা স্বাক্ষরের জন্য আইনজীবীদের সাথে সাক্ষাৎ করার অনুমতি চেয়ে বিদিশার বাবা অধ্যাপক আবুবকর সিদ্দিক এবং তার বোন তৃষা ও মণিষা দুটি রিট দায়ের করেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দায়ের করা মামলায় পুলিশ শনিবার বিকেলে বারিধারার প্রেসিডেন্ট পার্ক ভবন থেকে বিদিশাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) ওবায়দুর রহমান বিডিনিউজকে বলেন, পুলিশ বিদিশাকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে এবং নতুন করে রিমাণ্ডের আবেদন জানাবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাবে না। তাছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ মামলা হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নূরে আলম বিডিনিউজকে বলেন, বিদিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় বাড়ির গৃহপরিচারিকাও রয়েছে।
মোহাম্মদপুর থানায় যোগযোগ করা হলে পুলিশ জানায়, দুটি পাসপোর্ট রাখার দায়ে পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক এটিএম আসাদ ১৯৫২/৩ এর পাসপোর্ট আইনের অধীনে ৪১৯, ৪২০, ৪৬৫-৬৮, ৪৭১, ২০০ ও ২০২ ধারায় বিদিশার বিরুদ্ধে এ মামলাটি করেন।
পুলিশ সোম ও মঙ্গলবার বিদিশাকে নিয়ে নগরীর কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতে অভিযান চালায়।
এছাড়া এসবি কার্যালয়ে নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
