২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব-পুলিশের টহল সত্ত্বেও ফেনী বাইপাসে ডাকাতি, ছিনতাই অব্যাহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে র‌্যাব ও পুলিশের কড়া টহলের মধ্যেও ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা ঘটে চলেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 12:53 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক ও শ্রমিক সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত ৩১ মে গভীর রাতে মহাসড়কের পুরনো অংশে দাউদপুর পুল এলাকায় ডাকাতরা চালক ও সহযোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রড বোঝাই ট্রাক (ফেনী-ট-০২-১০১) ছিনতাই করে নিয়ে যায়। পরদিন কুমিল্লার দাউদকান্দির মাদইয়া গ্রামের একটি পাটক্ষেতে অচেতন অবস্থায় চালক ও তার সহকারিকে পাওয়া যায়। খালি ট্রাকটিকে রাজধানীর পার্শ্ববর্তী টঙ্গী এলাকার তিন রাস্তার মোড়ে পাওয়া যায়।

গত ২৯ মে রাতে শহরের দেবিপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ দুটি তুলা ভর্তি ট্রাক আটক করে। ডাকাতরা ওই সময় ট্রাক থেকে তুলা নামাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এছাড়া, গত মাসে মহাসড়ক ও ফেনী-মাইজদি সড়কে রড বোঝাই একটি ট্রাক ও একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটে। এসবের পাশাপাশি মহাসড়কের লালপুর, মধুপুর, কসকা, এবং মহাসড়ক সংলগ্ন কালিপাল, তুলাবাড়িয়া, দাউদপুর পুল ও আরামবাগ এলাকায় ক’দিন পরপরই ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মহাসড়কের সীতাকুণ্ড, মীরসরাই, জোয়ারগঞ্জ, বারইয়ার হাট, মোহরীগঞ্জ, মোহাম্মদ আলী বাজার, চৌদ্দগ্রামসহ বিভিন্ন অংশে মাইক্রো ও মিনিবাস নিয়ে ডাকাতরা ওৎ পেতে থাকে। তারা মাল বোঝাই ট্রাক বা যাত্রিবাহী নৈশকোচ দেখলেই পিছু নেয় এবং সুযোগ বুঝে ডাকাতি করে সটকে পড়ে।

মহাসড়কে র‌্যাব ও পুলিশের কড়া টহল সত্ত্বেও একের পর এক এসব ঘটনা ঘটে চলেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।