দেশে পোল্ট্রি শিল্পের উন্নয়নে তথ্য আদান প্রদানের ওপর গুরুত্বারোপ
পর্যাপ্ত তথ্যের অভাব, জৈব নিরাপত্তা, রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, কাঁচামালের গুনগত মানের ব্যাপারে জ্ঞানের অভাব, অপ্রতুল কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতার কারনে দেশের পোল্ট্রি শিল্প সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে বাধাগ্রস্ত হচ্ছে।
রাজধানীতে সোমবার এক কর্মশালায় পোল্টি শিল্পের সাথে জড়িত কর্তা ব্যাক্তিরা এ কথা বলেন।
তারা বলেন, আধুনিক তথ্য আদান প্রদান পদ্ধতির মাধ্যমে পোল্ট্রি শিল্পকে আরও উন্নয়নমূখী করা যেতে পারে। বাজারের খবরাখবর, কারিগরি সহযোগিতার সহজলভ্যতা, কাঁচামালের যোগান এবং চাহিদা অনুযায়ী সরবরাহ আনা নেয়ার ব্যাপারে বেশ কিছু অভিনব পদক্ষেপ গ্রহন করা হলে এর গুনগত মানের উন্নয়ন ঘটবে।
বক্তারা বলেন, এ খাতে অভাবনীয় সাফল্য আনতে হলে জৈব নিরাপত্তা, ভাড়া এবং মূল্য নির্ধারনে নির্দিষ্ট নীতিমালার ব্যাপারেও নিশ্চিত হতে হবে ।
ইউএসএইড’র এটিডিপি (কৃষি-ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ও কারিগরি উন্নয়ন প্রকল্প) আয়োজিত পোল্ট্রি শিল্প বিষয়ক এক কর্মশালায় কেয়ার, ডানিডা, সরকারের পশু বিষয়ক অধিদপ্তর, ডিম উৎপাদনকারী সংগঠন এবং বাংলাদেশ পোল্ট্রি শিল্প সংগঠন অংশ নেয়।
এটিডিপি’র কৃষিবাণিজ্য বিষয়ক উর্ধ্বতন পরিচালক নি অকিই বলেন, সরকার ও বেসরকারী খাত একযোগে কাজ করার উদ্যোগ গ্রহন করলে বাংলাদেশর পোল্ট্রি শিল্প বিশ্ববাজারে শিগগিরই শক্তিশালী প্রতিদ্বন্ধী হিসেবে আবির্ভুত হতে পারবে।
