খেজুর হত্যা মামলায় ড.গালিব ও তার ৩ সহযোগীর জামিন নামঞ্জুর
চরমপন্থী ইদ্রিস আলী খেজুর হত্যা মামলায় আহলে হাদিস আন্দোলনের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিব এবং তার তিন সহযোগীর জামিনের আবেদন আদালত নামঞ্জুর করেছে।
রোববার নওগাঁ ১ নম্বর ফৌজদারী আদালতে ড. গালিব ও তার সহযোগীদের হাজির করে তাদের জামিনের প্রার্থনা করা হয়। দুই পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করেন।
এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২৫ জুন। একই আদালতে পোরশা ব্র্যাক অফিসে বোমা হামলার মামলায় ২৮ জুন হাজিরার তারিখ ধার্য করা হয়েছে।
পুলিশ জানায়, খেজুর হত্যা মামলা এবং পোরশা ব্র্যাক অফিসে বোমা হামলার মামলায় ড. গালিব ও তার সহযোগীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশ কোন গুরুত্বপূর্ণ তথ্য পায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া গেলে ওই দুটি মামলায় ড. গালিব ও তার সহযোগীদের অব্যাহতি দিয়ে চুড়ান্ত রিপোর্ট দাখিলের সম্ভাবনা রয়েছে।
